অমৃতসরের স্বর্ণমন্দিরের মতোই এবার কালীঘাট মন্দিরের চূড়া মুড়বে সোনায়, চলছে জোরকদমে কাজ

অমৃতসরের স্বর্ণমন্দিরের মতোই এবার কাজ হবে কালীঘাট মন্দিরেও। কালীঘাটকে নতুন করে সাজানোর দায়িত্ব গিয়েছে মুকেশ আম্বানির সংস্থার কাছে। মূল মন্দির থেকে গর্ভগৃহ, ভোগঘর সবকিছুতেই আমূল পরিবর্তন আসতে চলেছে। আর মন্দিরের চূড়া এবার মুড়ে ফেলা হবে সোনায়।

এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী কালীঘাট মন্দিরের চূড়া সোনায় মোড়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, অন্তত ৫০ কেজি বা এরও বেশি সোনায় মোড়া হবে মন্দিরের চূড়া। ফলে ভক্তরা এক নতুন কালীঘাট মন্দিরের দর্শন পাবেন কিছুদিন পর থেকেই। গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে সাজাতে চাইছিলেন কালীঘাটের মন্দিরকে।

২০১৯ সালে কালীঘাট মন্দিরের সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা পুরসভাকে। ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। এরপরই করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন বন্ধ ছিল কাজ। এর উপর আবার মন্দির চত্বর থেকে দোকানদারদের সরাতেও বেশ বেগ পেতে হয় বলে দাবী করেছিল পুরসভা। সব মিলিয়ে সংস্কারের কাজের গতি ছিল না একেবারেই।

এর মধ্যেই গত চৈত্র সংক্রান্তিতে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির সংস্কারের কাজে শ্লথ গতি দেখে ক্ষোভপ্রকাশ করেন তিনি। এরপরই নিজের উদ্যোগে মন্দির সংস্কারের দায়িত্ব তিনি তুলে দেন আম্বানির সংস্থার হাতে। এরপর থেকেই গত প্রায় মাস ছয়েক মন্দির সংস্কারের কাজ করছে রিলায়েন্স।

সূত্রের খবর, ইতিমধ্যেই ৭০ শতাংশেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজও দ্রুতই শেষ হবে। জানা যাচ্ছে, মূল মন্দির, গর্ভগৃহ, ভোগঘর, নাটমন্দির, শিব মন্দির, কুণ্ডপুকুর, মন্দিরের চাতাল-সহ ভিতর এবং বাইরের দেওয়াল, বলির জায়গা-সহ গোটা মন্দির চত্বর সংস্কার হবে। আর মন্দিরের ঐতিহ্য বজায় রেখেই হবে সমস্ত কাজ। এবার শোনা গেল, কালীঘাট মন্দিরের চূড়া সোনায় মুড়িয়ে ফেলা হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles