গোটা পৌষ মাসেজুড়ে শীত নিয়ে অনেক অভিযোগ ছিল বঙ্গবাসীর। পৌষ মাসের শেষের দিক থেকেই ব্যাটিং করা শুরু করেছে। আর মাঘ মাসে দুরন্ত ইনিংস চলছে শীতের। ঠাণ্ডায় জবুথবু হওয়ার জোগাড় শহরবাসীর। জাঁকিয়ে ঠাণ্ডা বেশ উপভোগ করছেন শীতবিলাসীরা।
নিজের রেকর্ড নিজেই ভাঙছে শীত। গতকাল, সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির সামান্য বেশি। তবে আজ তা নেমে গিয়েছে ১১.৮ ডিগ্রিতে। আবহাওয়া দফতরের সূত্র বলছে, আজই মরশুমের শীতলতম দিন। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কিন্তু আরও কম।
গত কয়েকদিন ধরেই বেশ জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে রাজ্যে। উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে পারদ অনেকটাই নেমছে। সকালের দিকে কুয়াশায় ঢাকছে চারিদিক। আবার বেলা হলে রোদ উঠলে শীত বেশ উপভোগ্য লাগছে বৈ কী! গত কয়েকদিন সেভাবে রোদের দেখা না মিললেও গতকাল, সোমবার থেকে দেখা মিলেছে রোদের।
বৃষ্টির পূর্বাভাস রাজ্যে
তবে এই শীতের মধ্যেও কিন্তু চলতি সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানা গিয়েছেম বুধবার থেকে দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। এর ফলে ঠান্ডা আরও বাড়তে পারে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহে আরও ৩ দিন এমনই ঠাণ্ডা থাকবে। সপ্তাহান্তে কমতে পারে শীত। জানুয়ারির শেষের দিক থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে এর আগে হাড়কাঁপানো শীতে কাঁপবে বঙ্গবাসী।






