সময়টা যেন বদলাতে বসেছে। অন্তত এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র। ২০২৫ সালের এপ্রিল মাসে এক বিরল গ্রহসংযোগ হতে চলেছে, যা বহু মানুষের জীবনে আশার আলো জ্বালাতে পারে। মেষ রাশিতে বর্তমানে অবস্থান করছেন সূর্যদেব। আর দেবগুরু বৃহস্পতি রয়েছেন বৃষ রাশিতে। এই দুই শক্তিশালী গ্রহের প্রভাবে ২৫ এপ্রিল গঠিত হতে চলেছে এক শুভ যোগ – অর্ধকেন্দ্র যোগ। জ্যোতিষ মতে, এই যোগ সমাজে সম্মান, কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক লাভ ও পারিবারিক শান্তির বার্তা বয়ে আনতে পারে। তবে সব রাশির ভাগ্য এমন নয়। বিশেষ এই যোগে তিনটি রাশির জাতক-জাতিকারা বিশেষ উপকৃত হবেন।
বৃষ রাশি – এই সময়টায় বৃষ রাশির জাতকদের জীবনে বড় কিছু ঘটার সম্ভাবনা প্রবল। বৃহস্পতি যেহেতু এই রাশিতেই অবস্থান করছেন, তাই তাঁর কৃপায় খুলে যেতে পারে ভাগ্যের দরজা। বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে, আবার পরিবারে মিটে যেতে পারে দীর্ঘদিনের মান-অভিমান। যাঁরা চাকরির খোঁজে রয়েছেন, তাঁদের জন্য শুভ বার্তা আসার সম্ভাবনা আছে। জীবনে সম্মান ও স্থিতি আসবে। আইনি জটিলতা থাকলে এবার মিটে যেতে পারে। দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো আটকে রেখেছিল, এবার মুক্তির পথ খুলবে।
মিথুন রাশি – মিথুন রাশির জাতক-জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক ভাবনা বাড়বে। মনে হবে যেন জীবনের গভীর অর্থ খুঁজে বার করতে চাইছেন। পরিবারের সঙ্গে কোনও তীর্থভ্রমণ বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। ধর্মকর্মের প্রতি আকর্ষণ বাড়বে। পাশাপাশি যারা ট্রেডিং বা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সময়টা হতে পারে লাভজনক। দাম্পত্য জীবনে চলা দূরত্ব কমতে পারে। মানসিক শান্তি ও পারস্পরিক বোঝাপড়া আগের থেকে ভালো হবে।
বৃশ্চিক রাশি – এই সময় বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে জোরদার পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। অনেকেই যাঁরা দীর্ঘদিন একই জায়গায় থেমে ছিলেন, তাঁদের জন্য দরজা খুলবে নতুন সুযোগের। জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনও সমস্যা থাকলে তা ইতিবাচক পথে এগোবে। প্রতিযোগিতার ক্ষেত্রে শত্রুকে হারিয়ে সাফল্য অর্জন করার সম্ভাবনা তৈরি হবে। আর্থিক দিকও আগের থেকে অনেকটা ভালো হবে, বাড়তি আয় হওয়ার পথ খুলে যেতে পারে।
আরও পড়ুন: মেয়ের বিয়ের আগেই সম্পর্ক গড়ে তুলেছিলেন শ্বশুরমশাইয়ের সঙ্গে! ঘরছাড়া গৃহবধূকে ঘিরে শোরগোল
যাঁদের জন্য সময়টা শুভ, তাঁরা যেন এটিকে হাতছাড়া না করেন। ভাগ্যদেবী যখন দরজায় কড়া নাড়ে, তখন তাঁকে সাদরে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। সূর্য ও বৃহস্পতির এই বিরল যোগে যদি কেউ নিয়ম করে প্রভাতবেলায় সূর্য আর গুরু বৃহস্পতির আরাধনা করেন, তাহলে ফল আরও ভালো হতে পারে। তবে আত্মবিশ্বাসের পাশাপাশি প্রয়োজন স্থিরতা ও ধৈর্যের। যাঁরা বাস্তবিক দিকেও সচেতন থাকবেন, তাঁরাই পাবেন প্রকৃত সুফল।





