সম্প্রতি মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা দ্য কাশ্মীর ফাইলস। বহু বিতর্কের পরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ছবিটি এতটাই বাস্তবায়িত করা হয়েছে যে বহু মানুষ আপ্লুত হয়ে গিয়েছেন আবেগে।
ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানির একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে সিনেমা দেখে কাঁদতে দেখা গেছে।
কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা নিয়ে বানানো সিনেমা অনেক দর্শকদের মন ভারাক্রান্ত করে তুলেছে। আর মুক্তি পরের দিনই বিপুল সাফল্য পেয়েছে বক্স অফিসে।
এর পরেই হঠাৎ করে ভাইরাল হয়ে পড়ে বিজেপি নেতা লালকৃষ্ণর একটি ভিডিও যেখানে দেখা যায় ছবিটি দেখানোর সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। ছবিটা দেখতে তিনি সিনেমাহলে গিয়েছিলেন বলে জানা যায়। বিজেপির একনিষ্ঠ নেতাকে এভাবে আবেগে ভাসতে দেখে অনেকেই বলছে এর পেছনে কোন চক্রান্ত রয়েছে। পরে সামনে আসে এই ঘটনার সত্যতা।
জানা যায় এই ছবিটি দ্য কাশ্মীর ফাইলস নয়, কাশ্মীর নিয়ে নির্মিত অন্য একটি সিনেমা শিকারা। আর তাঁর পাশে বসে রয়েছেন বিধু বিনোদ চোপড়া। ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় এই সিনেমা। তবে সিনেমাটি বিশেষ সাফল্য অর্জন করেনি কারণ ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার চিত্র তুলে ধরার পরিবর্তে একটি প্রেম কাহিনী গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।





