অরিজিৎ সিংহ—এই নামটাই যথেষ্ট। তাঁর অনুরাগীদের কাছে তিনি শুধু একজন সঙ্গীতশিল্পী নন, এক উজ্জ্বল ব্যক্তিত্বও বটে। সম্প্রতি আরও একবার মানুষকে মুগ্ধ করলেন তিনি, তবে গানের মাধ্যমে নয়, বরং তাঁর মানবিক উদ্যোগে।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ, বিশ্বজোড়া খ্যাতি পেলেও শিকড় ভুলে যাননি কখনও। নিজের জন্মস্থানে ‘হেঁসেল’ নামে একটি রেস্তরাঁ চালু করেছেন তিনি, যেখানে মাত্র ৪০ টাকায় মিলছে সুস্বাদু থালি! রেস্তরাঁর খাবারের ধরন একেবারেই ঘরোয়া, যেন বাড়ির রান্না খাচ্ছেন।
এই উদ্যোগ মূলত ছাত্রছাত্রীদের কথা ভেবেই নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। কম খরচে পেটপুরে খেতে পারছেন এলাকার নানা শ্রেণির মানুষ। রেস্তরাঁর সমস্ত ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন অরিজিতের বাবা গুরুদয়াল সিংহ। অরিজিতের বাড়ির একেবারে কাছেই রেস্তরাঁটি অবস্থিত।
তবে এই রেস্তরাঁ নিয়ে কখনও জনসমক্ষে কিছু বলেননি অরিজিৎ। নিঃশব্দে কাজ করে যাওয়াই যেন তাঁর স্বভাব।
আরও পড়ুনঃ Astrology : ২২ জুন বুধের রাশিপরিবর্তনে বদলাচ্ছে ভাগ্য! জগন্নাথদেবের কৃপায় ভাগ্য খুলবে ৪ রাশির !
এই মুহূর্তে গায়কের পেশাগত জীবনও বেশ ব্যস্ত। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর গাওয়া ‘মেট্রো ইন দিনো’ ছবির গান। এর পাশাপাশি ইউরোপ সফরেও বেরোবেন তিনি। ব্রিটেনের ঐতিহ্যবাহী টোটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে গান পরিবেশন করবেন অরিজিৎ। ২০২৪ সালে ব্রিটেন সফরের সময় ব্রিটিশ পপ তারকা এড শিরানের সঙ্গে যুগলবন্দি করেছিলেন তিনি। তাঁদের একসঙ্গে করা একটি গান নিয়েও এখন তুমুল চর্চা চলছে। শোনা যাচ্ছে, সেই গানের শুটিং হয়েছিল অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে।
গানের মঞ্চ থেকে সমাজসেবা—প্রতিটি পরিসরেই অরিজিৎ সিংহ আজ এক অনন্য নাম।





