সকালটা শুরু হতেই আকাশের মুখ ভার দেখে অনেকের মন খারাপ হয়ে যায়, আবার অনেকের মন ভালোও হয়ে ওঠে বৃষ্টির সুরে। জুনের মাঝামাঝি থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির আমেজ চলছে। হঠাৎ রোদের ঝলকানি, আবার কিছুক্ষণের মধ্যেই মেঘলা আকাশ আর এক পশলা বৃষ্টি—ঠিক যেন বর্ষার পরিপূর্ণ রূপ। এমন আবহাওয়ায় প্রতিদিন সকালে বেরনোর আগে আকাশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এই ভিজে ভিজে অবস্থা কবে কাটবে? এবার সেই নিয়েই উঠছে প্রশ্ন।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে ২৫ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও দিনের বেশ কিছু সময় আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মাঝে নামবে বৃষ্টি। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মূলত নিম্নচাপ এবং জলীয় বাষ্পের আধিক্যের ফলেই এমন অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ২২ থেকে ২৪ জুন পর্যন্ত কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার সম্ভাবনাও থাকছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। পর্যটকদের জন্য সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ২৫ জুন দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে স্থানীয় জলবন্দি পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের উল্লেখিত ছয়টি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কৃষকদেরও সতর্ক করা হয়েছে মাঠঘাটের ব্যাপারে।
আরও পড়ুনঃ মাত্র ৪০ টাকায় জমজমাট খাওয়ার আয়োজন! আবারও সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেন অরিজিৎ সিংহ
বৃষ্টির কারণে আপাতত তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খুব একটা পরিবর্তন হবে না তাপমাত্রার ক্ষেত্রে। কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৯০ শতাংশ পর্যন্ত উঠতে পারে। ফলে কিছুটা অস্বস্তি থাকলেও বর্ষার ফুরফুরে হাওয়া একটানা কয়েকদিনের ক্লান্তি অনেকটাই মুছে দিতে পারে।





