সামনেই বিধানসভা নির্বাচন। এরই মধ্যে লাগাতার চলছে দলবদলের খেলা। একাধিক নেতা-বিধায়ক তৃণমূল ছেড়ে যোগ দিচ্ছেন বিজেপিতে। তেমনি তৃণমূলেও আমদানি চলছে নতুন নতুন মুখের। কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ দাস। এবার ফের শাসকদলের সঙ্গে যুক্ত হলেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। এদিন ভাবী পুত্রবধূর সঙ্গে তৃণমূলে নাম লেখালেন ইম্পার কর্ত্রী পিয়া সেনগুপ্তও।
আজ, রবিবার কৌশানির হাতে দলীয় পতাকা তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। এদিন তৃণমূলে যোগ দিয়ে কৌশানি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টা মানুষের কথা চিন্তা করেন। তাঁর আমলে নানান সুযোগ-সুবিধা পাচ্ছি আমরা। আমার বিশ্বাস, মানুষ তাঁকে আবার ফিরিয়ে আনবে। আমি চাই আমায় দেখে আরও অনেকে এগিয়ে আসুক। দিদির সৈনিক হয়ে দাঁড়াক”।
এদিন ভাবী পুত্রবধূর সঙ্গেই একই মঞ্চে তৃণমূলে নাম লেখান পিয়া সেনগুপ্তও। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে যোগদান করছি। সমস্ত কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হলাম। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিয়ে আসব”।
বাংলার রাজনীতিতে তারকাদের যোগদান কোনও নতুন ঘটনা নয়। এর আগেও সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেব অভিনেতা দেব। শাসক দলে রয়েছেন ব্রাত্য বসু, শতাব্দী রায়, দেবশ্রী রায় প্রমুখ। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন দুই টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। এবার সেই তালিকাতেই নাম লেখানেন কৌশানি মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী উপর গভীর আস্থা রেখেই তাঁর দলের সৈনিক হলেন অভিনেত্রী।





