বিয়ের সানাই বেজে গিয়েছে। আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মধুরিমা বসাক। পাত্র যদিওবা ইন্ডাস্ট্রির কেউ নয়। এদিকে বিয়ের বিষয়ে অভিনেত্রীও কিছু বলতে এখন রাজি নন। ‘মোহর’ এবং ‘শ্রীময়ী’ ধারাবাহিক দিয়ে বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছেন তিনি। লিড চরিত্রে না হলেও শ্রেষ্ঠা এবং কিয়া চরিত্র দুটিই দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ও পরিচিত হয়ে উঠেছে।
অন্যদিকে সৃজিত মুখার্জির ‘এক্স=প্রেম’-এ ডেবিউ করতে চলেছেন মধুরিমা। এরইমধ্যে সামনে এসেছে খুব শিগগিরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের এই তারকা ব্যক্তিত্ব। টিভির পর্দায় তাঁর চরিত্র কিয়া ও শ্রেষ্ঠা এমনিতে প্রচুর সমালোচনা আর কুমন্তব্যের মুখোমুখি হয়েছে। এই দুটি চরিত্রই ছিল নেগেটিভ চরিত্র। তাই জনপ্রিয়তার পাশাপাশি দর্শকদের গালিগালাজও শুনতে হয়েছে।
জানা গিয়েছে, আগামী বছরই বিয়ে করছেন পছন্দের পাত্রকে। ইতিমধ্যে দুই বাড়ি থেকে কথাবার্তা মোটামুটি হয়ে গিয়েছে। কিন্তু অভিনেত্রীর বাবা সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় বিয়ের ব্যাপারে এখনই কিছু বলতে পারছেন না অভিনেত্রী। জানালেন, “আগামী বছরেই বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু এই মুহূর্তে বাবা খুব অসুস্থ, তাই এখন এসব নিয়ে ভাবছিনা।”
বিয়ের পরেও চালিয়ে যাবেন নিজের অভিনয়। কিছুদিনের মধ্যেই আবার নতুন ধারাবাহিকে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এইমুহূর্তে নতুন কাজের সঙ্গে বাবাকে নিয়ে বেজায় ব্যস্ত মধুরিমা। তাই এখন বিয়ের ব্যাপারে কোন কিছু বলতে নারাজ অভিনেত্রী।





