মা-মেয়ের মধ্যে খুনসুটি অবিরাম লেগেই থাকে। এই সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মিষ্টি সম্পর্ক। যতই মায়ের সঙ্গে মন কষাকষি হোক না কেন, দিনের শেষে মায়ের কোলটাই যেন বড় আপন, পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও শান্তির জায়গা বলে মনে হয়। এরকমই এক মা-মেয়ের খুনসুটি ধরা পড়ল ক্যামেরা সামনে। ঋতাভরী ও তার মায়ের ভিডিও। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই ভেসে আসে নানান মিষ্টি কমেন্ট।
মাকে রাগানোর পর তার রাগের থেকে রক্ষা পেতে ঋতাভরী কীভাবে সাড়া বাড়িময় লাফালাফি করে বেড়ান, এই ভিডিও তারই পরিচয়। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির রান্নাঘরে উঁচু তাকে রাখা একটি টফি ও ক্যান্ডির কৌটো নামানোর চেষ্টা করছেন অভিনেত্রী। কিন্তু নাগাল নয়া পাওয়ায় ছোট্ট টুলের উপর দাঁড়িয়ে তা নামাতে গিয়ে মাটিতে পড়ে যায় কৌটোটি। এরপরই ঘটল বিপত্তি। দৃশ্যে হাজির ঋতাভরীর মা। মেয়ের এই কাণ্ড-কারখানা দেখে ক্ষেপে বম্ব তিনি। রাগের চোটে মেয়ের পিছনে ঝাঁটা নিয়ে তাড়া করলেন। তার অমনি ঋতাভরীও মায়ের হাত থেকে বাঁচার জন্য লাফিয়ে লাফিয়ে পালাতে লাগলেন।
আসলে ব্যাপারটা হল, এটি একটি প্রমোশনাল ভিডিও। এবছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-এর একটি ফ্যান অ্যান্থিম মুক্তি পেয়েছে যার নাম ‘লাফাও’। প্রচণ্ড আনন্দ হোক, বা উত্তেজনা, এই সব মুহূর্তে আমরা সাধারণত লাফাই। আর এই লাফানো থেকেই এই গানের নাম হয়েছে ‘লাফাও’। এই গানকেই আরও প্রচার করতে ঋতাভরী এরকম একটি চিত্রনাট্য তৈরি করেন। ভিডিওতে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে “আমার লাফাও মুহূর্ত যখনই আমি আমার মাকে রাগিয়ে দিই”। ঋতাভরী নিজের অনুরাগীদেরও নিজেদের ‘লাফাও’ মুহূর্ত শেয়ার করতে বলেছেন। ইতিমধ্যেই এই ‘লাফাও’ মুহূর্ত নিয়ে অনেকেই নিজেদের অনেক ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।





