আর বেশি দিন বাকি নেই সামনেই ‘মহালয়া’। ইতিমধ্যেই সমস্ত চ্যানেলগুলি নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তারমধ্যে নিজের মহালয়া লুক সামনে নিয়ে এলেন শ্রীমা ভট্টাচার্য। তাঁর সঙ্গ দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। এই বছরে দুর্গাপুজো আরও বেশি স্পেশাল হয়ে উঠেছে শ্রীমার কাছে। আক্ষরিক অর্থে এই বছরই তাঁর পুজো। অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে কাজ করে নিজের উচ্ছ্বাস সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।
এদিন সংবাদমাধ্যমকে জানালেন, “কৈলাস খেরের পর কোয়েল মল্লিক। ছোটো থেকে এদেরই স্বপ্ন দেখে এসেছি। বিশেষ করে কোয়েলদির। এইবারের পুজো তাঁর সঙ্গে কাজ করার সুযোগ করে দিল। ২০২১-এর পুজো আমাকে দুহাত ভরে দিয়ে যাচ্ছে”। আগামী ৬ অক্টোবর মহালয়া দিন ভোর ৫টায় অভিনেত্রীকে দেখা যাবে কালার্স বাংলায়। বিশেষ অনুষ্ঠান ‘নবরূপে মহা দুর্গা’তে মহাগৌরী রূপে দেখা দেবেন শ্রীমা। অন্যদিকে মা দুর্গা রূপে দেখা যাবে কোয়েল মল্লিককে।
নিজের স্বপ্নের নায়িকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে শ্রীমা জানালেন, “শুভশ্রী গাঙ্গুলী, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও খুব প্রিয়। কিন্তু কোয়েল মল্লিকের জায়গা আলাদাই। ওঁনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারবো না। কোয়েলদি ভীষণ মাটির মানুষ। খুব নরম
এর আগে সোনার সংসার অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল। ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ ছিল সবটা। কিন্তু এই প্রথম কাজ করলাম একসঙ্গে। যদিও সেভাবে শুটের চাপে কথা বলার সুযোগ পাইনি। কাজের প্রতি কি নিষ্ঠা কোয়েলদির! একসঙ্গে কাজ না করলে বোঝা যায় না।”
View this post on Instagram
এদিন সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, “পুজোর কাজ, মহালয়ার অনুষ্ঠানে অংশ নিতে পারা বড় ভাগ্যের ব্যাপার। সবার মত আমারও খুব ইচ্ছে করত। এই বছর আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত চ্যানেলে চ্যানেলে আমি। পুজোর আগেই আমার উদযাপন শুরু।” এরইসঙ্গে জানালেন, দর্শক ও অনুরাগীদের জন্য আরও নতুন কিছু উপহার রয়েছে তাঁর কাছে। সেটা কি নতুন ধারাবাহিক? মিউজিক ভিডিও না ওয়েব সিরিজ?
কিন্তু এই বিষয়ে কিছু বলেননি এখনও শ্রীমা। সাসপেন্স এখনও ধরে রেখেছেন তিনি। জি বাংলার আগমনীর আরাধনাতে সঞ্চালিকা হিসেবে দেখা যাবে শ্রীমাকে। সারারাত ধরে সেই অনুষ্ঠানে চলতে থাকবে। তাই সব মিলিয়ে এবারের পুজো মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে অভিনেত্রীর। পাশাপাশি টলিউডের জনপ্রিয় তারকা কোয়েল মল্লিকের সঙ্গে কাজ করা একটা বাড়তি পাওনা তাঁর কাছে।





