বড়পর্দায় আত্মপ্রকাশই করেন নি এখনও, তার আগেই এত বিরক্তি! মেজাজ হারিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন শ্রুতি দাস??

শ্রুতি দাস টলিউডের পরিচিত মুখ। ছোট পর্দার পর সদ্যই পা রেখেছেন বড় পর্দায়। ধারাবাহিক শেষ হলেও এখনও সকলে তাঁকে ‘রাঙা বউ’ বলেই চেনে। তিনি ‘আমার বস’ ছবিতে অভিনয় করেছেন। বড় পর্দার প্রথম ছবি মুক্তির আগেই আচমকা মেজাজ হারালেন শ্রুতি। বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন পোস্ট।

শ্রুতি দাস সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ অ্যাকটিভ। নিজের কাজের কথা থেকে ব্যক্তিগত জীবনের সব তথ্যই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন। কদিন আগেই তিনি এবং তাঁর স্বামী একই বিল্ডিংয়ে দুটো ফ্ল্যাট কিনে শিফট হয়েছেন। গৃহপ্রবেশের ছবি শেয়ার করেছিলেন সকলের সাথে। এদিন অভিনেত্রী ক্ষুব্ধ হয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।‌

টলিউডে শ্রুতি দাস নামে আরও একজন অভিনেত্রী আছেন যাঁকে সকলে বাদামি হায়নার কবলে, এক্স = প্রেম, ইত্যাদি ছবি বা সিরিজে দেখা গিয়েছে। এবার তাঁদের দুজনের নাম এক হওয়ায় সমস্যা তৈরি হয়। এক্স = প্রেম খ্যাত শ্রুতি দাসের কোনও প্রজেক্টের কথা প্রকাশ্যে এলে অনেকেই না বুঝে রাঙা বউ খ্যাত শ্রুতিকে শুভেচ্ছা জানান। তাতেই বিরক্ত শ্রুতি। এবার সেই বিষয়েই তিনি একটি পোস্ট লিখলেন সোশ্যাল মিডিয়ায়।

এদিন শ্রুতি তাঁর পোস্টে লেখেন, “আমার নামে, মানে শ্রুতি দাস নামে বাংলায় আরও একজন অভিনেত্রী আছেন যিনি মূলত ছবি, সিরিজ করেন। ওঁর ছবি রিলিজ হওয়ার সময় আমার কাছে সব পোস্টের ট্যাগ আসে, শুভেচ্ছাবার্তা আসে, রিপোর্টারদের ফোন মেসেজ আসে। এক্স=প্রেমের সময়ও এক জিনিস হয়েছিল,বাদামী হায়নার কবলের সময়ও এক। এবার জুলি নামক ওয়েব সিরিজের ক্ষেত্রেও এক। আমিও চাই একের পর এরকম ছবি, সিরিজের আপডেট দিতে কিন্তু আমি যতক্ষণ না সেটা দিচ্ছি দয়া করে আপনারা আর আমায় এর মধ্যে জড়াবেন না না জেনেশুনে”।

তিনি এদিন আরও লেখেন, “এবার দেখুন আমি তো আর আমার নাম বদলাতে পারবো না এই সমস্যার জন্য। ছদ্মনাম ব্যবহার করার মতো বড়ো মাপেরও কেউ নই তাই এই বিষয়গুলো খুব অদ্ভুত লাগে। আমি শ্রুতি দাসই থাকবো। দরকারে যাচাই করে নেবেন সেই শ্রুতি দাস সমাদ্দার কিনা! এটা একটু খেটে জেনে নেবেন প্লিজ’। তিনি বলেছেন, “প্লিজ ব্যাপারটায় নজর দিন। আমার খুবই বিব্রত এবং বিরক্ত লাগে। ধন্যবাদ”।

শ্রুতি দাসকে শেষবার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাঙা বউতে দেখা গিয়েছিল। কয়েক মাস আগেই শেষ হয়েছে এই ধারাবাহিক। এরপরই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত আমার বস ছবিতে তিনি কাজ করেন। শ্যুটিং শেষ হলেও মুক্তি পায়নি সেই ছবি।

আরও অন্যান্য খবর