বিগ বস ওটিটি’র যাত্রা শেষ হলো কিছুদিন আগেই। বিজেতা হয়েছেন দিব্যা আগারওয়াল। অন্যদিকে এই শোতেই অংশ নিয়েছিলেন বর্তমানের চর্চিত অভিনেত্রী শিল্পা শেঠীর বোন শমিতা শেঠী। বিগ বস ওটিটি’র ফাইনাল পর্যন্ত গিয়েছেন শমিতা। তবে ট্রফি জিততে না পারলেও তৃতীয় স্থান গ্রহণ করেছেন তিনি। কিন্তু শো শেষ হতেই তাঁর এবং রাকেশ বাপাটের সম্পর্ক নিয়ে চলছে জোর চর্চা।
বিগ বসের শোতে অনেক সম্পর্ক জুড়েছে, অনেক ভেঙেছে। যেই কারণে তারকারা শো জেতার জন্য এরকম সম্পর্কে গড়ে থাকেন বলে, ধারণা দর্শকদের। চলতি বছরের বিগ বস ওটিটিতেও একটি জুটি হয়েছিল শমিতা শেঠী ও রাকেশ বাপাটের। এবার শোতে হওয়া নিজের সম্পর্ক নিয়ে সমস্ত কিছু অকপটে জানালেন রাকেশ বাপাট। বললেন শমিতা শেঠীর প্রতি তাঁর অনুভূতি রয়েছে।
এদিন রাকেশ বাপাট জানালেন, শমিতার উপর তাঁর অনুভূতি শোয়ের মারফত প্রকাশ পেয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে এই মুহূর্তে তাঁরা কোনো স্থায়ী সম্পর্কে জড়াননি ঠিকই। কিন্তু একে অপরকে জানার চেষ্টা করছেন। বিগ বস ওটিটির দরুন শমিতার সঙ্গে রাকেশের একটা সংযোগ তৈরি হয়েছে। তারপর তাঁদেরকে প্রায় সময়ই ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। কখনও একে অপরকে জড়িয়ে ধরে চুমু পর্যন্ত খেয়েছেন। পাশাপাশি তাঁদের ভক্তরা তাঁদের দু’জনকে একসঙ্গে ডাকতে শুরু করেছেন ‘শারা’ নাম। এখন অনেকের মনেই প্রশ্ন, এই সম্পর্কের পরিণতি কি হতে চলেছে?
এর আগে বিগ বস থেকে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজের জুটি। সকলে তাঁদের নাম দিয়েছিল ‘সিডনাজ’ বলে। এবারের ওটিটি প্লাটফর্ম থেকে উঠে এসেছে এই জুটি। শো শেষের পর এবার একটি সাক্ষাৎকারে রাকেশ জানিয়েছেন, “সত্যি বলতে এটা বন্ধুত্বের থেকে খানিকটা বেশি। শোতে বেশ স্পষ্ট ছিল তা। শামিতা এমন একজন মেয়ে, যার সঙ্গে আমি সময় কাটাতে, কথা বলতে, যোগাযোগ রাখতে পছন্দ করব। একজন শক্তিশালী নারী। পরিষ্কার মনের মানুষ।”
সাক্ষাৎকারে শমিতার প্রশংসা করে তিনি জানালেন, “শমিতা এমন একজন নারী যার সঙ্গে থাকতে চাই। ও বেশ যত্নশীল এবং অভিব্যক্তিপূর্ণ।” পাশাপাশি নিজের এবং শমিতার বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে তিনি জানালেন, “ধীর এবং স্থির গতিতে এগোচ্ছে আমাদের সম্পর্ক। আমরা একসঙ্গে কিছু সময় কাটিয়েছি। কিন্তু আমরা এখনও কিছুটা সময় দিতে চাই। আমাদের একে অপরকে আরও জানতে হবে। আমি এই জিনিসগুলিতে তাড়াহুড়ো করতে চাই না এবং আমি নিশ্চিত যে ও চায়না। এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের মনকে সঠিক জায়গায় এবং কিছু সচেতনতার সঙ্গে খতিয়ে দেখতে হবে। সুতরাং দেখা যাক এটি কোথায় যায়। একে অপরকে জানার চেষ্টা করব। এখন যদি আপনি স্টেটাস সম্পর্কে কথা বলেন তাহলে এইটুকুনি বলব, আমরা একে অপরকে পছন্দ করি। আমরা দুর্দান্ত বন্ধু। আশা করি যখন কিছু ঘটবে, তোমরা সকলেই সেটা জানবে।” ভবিষ্যতে তাদের সম্পর্ক কোন মোড় নেয় সেটাই এখন দেখার।





