করিনা কপূর খান, অনুষ্কা শর্মা, সাগরিকা ঘাটগের পর ফের বলিউডে সু-সংবাদ নিয়ে হাজির হলেন অমৃতা রাও। মা হতে চলছেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বই-এর একটি ক্লিনিকের বাইরে দেখা যায় তাকে। এরপরই অমৃতার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে।
২০১৬ সালে আর জে আনমোলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অমৃতা। দীর্ঘ সাত বছরের সম্পর্কে সরকারী শিলমোহর পড়ে। বিয়ে থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবন, সব ক্ষেত্রকেই লাইমলাইট থেকে বরাবরই দূরে রেখেছেন অভিনেত্রী। বিয়ের পর তাকে সেভাবে অভিনয় জগতেও আর দেখা যায়নি। কিন্তু বিভিন্ন ফটোশুটে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। অমৃতার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তার ভক্তমহল।
বলিউডে একের পর খুশির খবর আসতেই চলেছে। প্রথমেই করিনা কপূর খানের দ্বিতীয়বার মা হওয়ার খবর কানে আসে। বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা তিনি। স্বামী সইফ আলি খান ও পুত্র তৈমুরের সঙ্গে আপাতত পতৌদি রাজপ্রাসাদে রয়েছেন তিনি। দিল্লিতে তার পরের ছবি ‘লাল সিং চাড্ডা’-এর শুটিং শেষ করেই পতৌদি রাজপ্রাসাদে চলে যান অভিনেত্রী। সেখানে এই অন্তঃসত্ত্বার সময়ে নিরিবিলিতে সময় কাটাচ্ছেন করিনা।
অন্যদিকে, কিছুদিন আগেই বিরাট-পত্নির মা হতে চলার খবর পাওয়া যায়। বিরাট-অনুষ্কা দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই খবর প্রকাশ করেন। বিরুষ্কার পর জানা যায়, জাহির খান ও সাগরিকা ঘাটগেও মা-বাবা হতে চলেছেন।
এখন জাহিরের সঙ্গেই রয়েছেন সাগরিকা। স্বামীর জন্মদিনে কালো রঙের ঢিলেঢালা পোশাকে দেখা যায় সাগরিকাকে। এরপরই গুঞ্জন উঠে যে, শিগগিরই মা হতে চলেছেন অভিনেত্রী। তবে সাগরিকা বা জাহিরের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু এই সুখবর পেয়ে জাহির সাগরিকাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ভক্তমহলের একাংশ। সম্প্রতি বলিউডে অনেক খারাপ খবরের পর এই সুখবর সত্যিই মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।





