অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার থেকে শুরু করে গোটা টলিপাড়ায়। খুব অল্প বয়সে এইভাবে তাঁর চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। শুটিং করতে গিয়েই তাঁর মৃত্যু হওয়ায় ধাক্কাটা আরও বেশি। সহকর্মী, বন্ধু এবং ভক্তরা এখনও বিশ্বাস করতে পারছেন না এই ঘটনা। সকলের মুখেই একটাই কথা, এত তাড়াতাড়ি এভাবে তাঁর বিদায় হওয়ার কথা ছিল না। তাঁর অনুপস্থিতিতে ইন্ডাস্ট্রিতে যে বড় শূন্যতা তৈরি হল, তা পূরণ করা কঠিন বলেই মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতে তাঁর চলতি কাজগুলোর ভবিষ্যৎ নিয়েও উঠছে নানা প্রশ্ন।
রাহুল যে ধারাবাহিকে অভিনয় করছিলেন, সেই ‘ভোলেবাবা পার করেগা’ নিয়েও এখন জল্পনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, এই ধারাবাহিক কি বন্ধ হয়ে যাবে? সামাজিক মাধ্যমে ভক্তদের বড় অংশ চাইছেন, রাহুলের জায়গায় নতুন কাউকে না আনা হোক। তাঁদের মতে, চরিত্রটি রাহুলের সঙ্গেই যুক্ত থাকুক। তবে প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ধারাবাহিকটি চালু থাকবে কিনা বা নতুনভাবে সাজানো হবে কিনা, তা নিয়েও স্পষ্ট কিছু জানা যায়নি। ফলে অনিশ্চয়তা বাড়ছে দর্শকদের মধ্যেও।
শুধু এই ধারাবাহিক নয়, রাহুল একসঙ্গে বহু প্রজেক্টে কাজ করছিলেন। কিছু ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে, আবার কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। কয়েকটি ছবির ডাবিং বাকি ছিল, আর কিছু প্রজেক্টে শুটিং চলছিল। এমনও কিছু কাজ ছিল, যেখানে তাঁর লুক সেট হয়ে গিয়েছিল এবং শুটিং শুরু হওয়ার কথা ছিল। পাশাপাশি সৌরভ পালের সঙ্গে তাঁর জনপ্রিয় নাটক ‘যে জানালাগুলোর আকাশ ছিল’ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে তাঁর এই অসমাপ্ত কাজগুলোর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন সংশ্লিষ্ট সকলেই।
পরিচালক সাই প্রকাশ লাহিড়ীর ছবি ‘এরাও মানুষ’ এর শুটিং শেষ হলেও ডাবিং এখনও বাকি। প্রযোজনা সংস্থা জানিয়েছে, এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁরা ভাবছেন, শুটিংয়ের সময় রেকর্ড হওয়া রাহুলের কণ্ঠস্বর যদি এআই প্রযুক্তির সাহায্যে ব্যবহার করা যায় কিনা। অন্যদিকে, পরিচালক সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘অটবী’র ডাবিং শুরু হওয়ার কথা ছিল খুব শীঘ্রই। কিন্তু রাহুলের আকস্মিক মৃত্যুর কারণে সেই পরিকল্পনা থমকে গেছে। পরিচালক জানিয়েছেন, অন্য কাউকে দিয়ে ডাবিং করানোর ইচ্ছা তাঁর খুব একটা নেই।
আরও পড়ুনঃ এবার পুরুষোত্তম ‘রাম’ হচ্ছেন, এককালের ‘ক্যাসানোভা’ রণবীর কপূর! আজকের যুগেও তাঁর আদর্শ কতটা প্রাসঙ্গিক? চরিত্র ধারণের জন্য, জীবনযাত্রায় কী কী পরিবর্তন এনেছেন? জানালেন অভিনেতা!
তবে এআই প্রযুক্তি ব্যবহার করার ভাবনা থাকলেও তা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে অভিনয়ের আবেগ ফুটিয়ে তোলার ক্ষেত্রে এআই এখনও পুরোপুরি দক্ষ নয় বলে মনে করছেন অনেকে। একই সঙ্গে, রাহুলের নিজের কণ্ঠস্বর ব্যবহার করা গেলে সেটাই হবে তাঁর প্রতি সেরা শ্রদ্ধার্ঘ্য বলে মনে করছেন নির্মাতারা। এদিকে দেবলীনা দত্তর সঙ্গে তাঁর অভিনীত ‘ছবিওয়ালা’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এইভাবে একাধিক অসমাপ্ত কাজ রেখে চলে যাওয়ায় তাঁর অভাব আরও গভীরভাবে অনুভূত হচ্ছে ইন্ডাস্ট্রিতে।





