গত কয়েক দিন ধরে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা রাজেশ শর্মা। তাঁর শারীরিক অবস্থা নিয়ে অনুরাগী থেকে সহকর্মী, সকলের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। প্রথমে প্রযোজক ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, বিষাক্ত মাকড়সার কামড়ের জেরে রাজেশের শরীরে গুরুতর সংক্রমণ ছড়িয়েছে। সেই খবর প্রকাশ্যে আসার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। তবে পরে বিষয়টি নিয়ে নতুন তথ্য সামনে আসে। এদিকে অভিনেতার সুস্থতা কামনা করে একে একে শুভেচ্ছা জানাতে শুরু করেন তাঁর পরিচিতরা। তাঁদের মধ্যেই ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
রাজেশ শর্মার অসুস্থতার খবর পেয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দেন অক্ষয় কুমার। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করার সূত্রে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। সেই সম্পর্কের কথা উল্লেখ করেই অক্ষয় লেখেন, “শুটিংয়ের সময়ে পোকার কামড়ে আমার ঘনিষ্ঠ বন্ধু রাজেশ আক্রান্ত শুনে খুবই উদ্বেগে আছি। আশা করব, ঈশ্বর ওকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থ করে দেবেন। জলদি সুস্থ হয়ে ওঠ ভাই, এখনও একসঙ্গে বসে অনেক মজা করা বাকি আছে।” অক্ষয়ের এই বার্তা প্রকাশ্যে আসার পর অনুরাগীরাও রাজেশের দ্রুত আরোগ্য কামনা করেছেন। অভিনেতার জন্য শুভেচ্ছার ঢল নেমেছে।
তবে পোকার কামড়ের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন রাজেশ শর্মার আপ্তসহায়ক শুভাশিস পাণ্ডা। তাঁর দাবি, এই তথ্য ঠিক নয় এবং ভুল খবর ছড়িয়ে পড়েছে। তিনি জানান, হায়দরাবাদে শুটিং চলাকালীন এমন কোনও ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার হায়দরাবাদ থেকে কলকাতায় ফেরেন রাজেশ। এরপর রবিবার আচমকাই তাঁর পায়ে সংক্রমণ দেখা দেয়। কিন্তু সেই সংক্রমণের সঙ্গে কোনও পোকার কামড়ের সম্পর্ক নেই বলেই তিনি স্পষ্ট জানিয়েছেন। এই বিষয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি সঠিক তথ্য সামনে আনেন।

শুভাশিস আরও জানান, রাজেশ শর্মার দীর্ঘদিনের হাই সুগারের সমস্যার কারণেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁর কথায়, “পা চুলকোতে গিয়ে সমস্যার সূত্রপাত। যা সমস্যা হওয়ার ত্বকেই হয়েছে। শরীরের ভিতরে কোনও সংক্রমণ ছড়ায়নি। ভুল তথ্যের জেরে সবাই খুবই উদ্গ্রীব হয়ে পড়েছেন।” অর্থাৎ, সংক্রমণ শুধু ত্বকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং শরীরের অন্য কোনও অংশে তা ছড়িয়ে পড়েনি। তাই প্রথমে যে ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল, বাস্তবে পরিস্থিতি ততটা গুরুতর নয় বলেই তিনি জানিয়েছেন।
আরও পড়ুনঃ ধর্মতলাতেই কি হবে ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা? ৩৩ বছরের ঐতিহ্যে ছেদে’র আশঙ্কা, লালবাজারের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা-তৃণমূল !
বর্তমানে রাজেশ শর্মার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন পরিবারের সদস্য, সহকর্মী এবং অসংখ্য অনুরাগী। অক্ষয় কুমারের আন্তরিক বার্তাও সেই শুভকামনার তালিকায় বিশেষভাবে জায়গা করে নিয়েছে। সবাই আশা করছেন, খুব শিগগিরই রাজেশ পুরোপুরি সুস্থ হয়ে আবার অভিনয়ের কাজে ফিরবেন। তাঁর সুস্থতার অপেক্ষায় রয়েছেন দর্শকরাও।






