টলিপাড়ার অন্যতম সফল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ( Subhashree Ganguly ) ঝুলিতে এখন একগুচ্ছ সিনেমা এবং ওয়েব সিরিজ। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘সন্তান’, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। শুধু পেশাগত জীবনে নয়, ব্যক্তিগত জীবনেও শুভশ্রী বিশেষভাবে পরিচিত। তিনি বিধায়ক রাজ চক্রবর্তীর স্ত্রী। তবে জানেন কি, একসময় নায়িকার বাবাকে ডেকে পাঠানো হয়েছিল পার্টি অফিসে? ছোটবেলায় শুভশ্রী এমন কিছু করেছিলেন, যার ফলে তাঁর বাবাকে এই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।
শুভশ্রীর এই কাহিনি অনেক দিন আগের। তখন তিনি থাকতেন বর্ধমানে। ছোট থেকেই খুব ডানপিটে স্বভাবের ছিলেন। স্কুলে কিংবা পাড়ায় প্রায়ই তাঁর নাম জড়িয়ে পড়ত নানা ঘটনার সঙ্গে। একদিন বর্ধমানের পার্টি অফিস থেকে তাঁর বাবার কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগ ছিল, শুভশ্রী নাকি রাস্তার মোড়ে মারামারি করেছেন। ছোটবেলার এই ঘটনা নিজেই শেয়ার করেছিলেন শুভশ্রী।
কিছু বছর আগে ‘অপুর সংসার’ রিয়্যালিটি শোয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শুভশ্রী। সেখানেই তিনি শেয়ার করেন এই স্মৃতিময় মুহূর্ত। শুভশ্রী বলেন, “ছোটবেলায় আমি একটু মারামারি করতাম। একবার পার্টি অফিস থেকে বাবার কাছে অভিযোগ জানানো হয়েছিল যে, দেবু তোর ছোট ছেলে কিন্তু খুব মস্তানি করছে। রাস্তার মোড়ে একটা ছেলেকে খুব মেরেছিলাম।” এই কথা বলেই হাসতে শুরু করেন তিনি। শুভশ্রীর কথায়, ছোটবেলায় মারামারি করা তাঁর কাছে মজার অভিজ্ঞতা ছিল।
বর্তমানে সেই পুরনো ভিডিওই ভাইরাল হয়েছে। শুভশ্রীর ভক্তরা ভিডিওটি দেখে বেশ মজা পাচ্ছেন। অভিনেত্রীর ছোটবেলার এই দুষ্টুমির কাহিনি অনুরাগীদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেকেই বলছেন, ছোটবেলার এই দুরন্ত স্বভাবই তাঁকে একজন আত্মবিশ্বাসী অভিনেত্রী হতে সাহায্য করেছে। শুভশ্রীর জীবনের এই গল্প শুধু বিনোদন নয়, তাঁর ব্যক্তিত্বের আরেক দিক তুলে ধরেছে।
আরও পড়ুনঃ মনমোহন সিংয়ের শেষকৃত্য নিয়ে বিতর্ক তুঙ্গে, অভিযোগ উঠল অসম্মানের
তবে তখন কি শুভশ্রী জানতেন, একদিন তিনি বিধায়ক পত্নী হবেন? আজকের সফল অভিনেত্রী শুভশ্রীর জীবনযাত্রা এবং অতীতের স্মৃতিচারণ তাঁর ভক্তদের অনুপ্রেরণা দেয়। ছোটবেলার দুষ্টুমি থেকে বড় পর্দার নায়িকা হয়ে ওঠার পথ সহজ ছিল না। তাঁর প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে নানা গল্প, যা আজ তাঁকে করে তুলেছে বাংলার অন্যতম জনপ্রিয় মুখ।





