‘একটা গান হোক’ বলতেই মুখ্যমন্ত্রীর সামনে অরিজিত গেয়ে উঠলেন ‘রঙ দে তু মোহে গেরুয়া’, মিমের বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে

গতকাল, বৃহস্পতিবার ছিল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সূচনা পর্বে নেমেছিল তারকার ঢল। বলি-টলির তারকারা মঞ্চ মাতালেন এদিন। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিজিত সিংও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি যে গান গাইলেন, তাতে যেন মিমাররা তাদের খোরাক পেয়ে গেল।

এদিন অরিজিতকে মঞ্চে বরণ করে নেন অভিনেত্রী জুন মালিয়া। মঞ্চে উঠে এদিন অরিজিত বলেন, “আমরা সবাই ছবি দেখতে ভালবাসি। কোভিডের পরে আবারও একটা বিষয় নিয়ে উৎসাহ তৈরি হল। এমন একটা জায়গা যেখানে ছবি নিয়ে বিনোদনও হয়, দেশের কথা জানতে পারি, শিক্ষাও বাড়ে। সবাইকে আমার প্রণাম”।

এরপরেই দেখা যায় অরিজিতের উদ্দেশে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। অরিজিতও নিরাশ করেননি। তিনি বলেন, “একটা গান গেয়ে দিই, তাহলে ল্যাটা চুকে যাবে”। রাজ চক্রবর্তী পরিচালিত ‘বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল ট্র্যাকটি প্রথমে গেয়ে শোনান তিনি। গোটা স্টেডিয়াম তাঁর গানের পর হাততালিতে ফেটে পড়ে।

কিন্তু আসল চমক তো এখনও বাকি ছিল। এরপরই মঞ্চে উপস্থিত শাহরুখ খানকে নিবেদন করে তাঁরই ছবি ‘রঙ দে মোহে গেরুয়া’ গানটি গেয়ে ওঠেন তিনি। আর এরপরই নেটিজেনরা পেয়ে যান নিজেদের কনটেন্ট। মুখ্যমন্ত্রীর সামনে ‘গেরুয়া’ স্তুতি করায়, তা নিয়ে নানান মিম এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বলে রাখি, এদিন চলচ্চিত্র উৎসবের সূচনা পর্বের মঞ্চে উপস্থিত ছিলেন বিগ বি থেকে শুরু করে শাহরুখ খান, রানি মুখার্জী, মহেশ ভাট, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, কুমার শানু ও আরও অনেকে। আর এদিকে টলিপাড়া থেকে দেখা মিলল রাজ চক্রবর্তী, শুভশ্রী, মিমি, শ্রাবন্তী, সায়ন্তিকারা।

এদিন মঞ্চ থেকে অমিতাভ বচ্চন বলেন, “আমি নিশ্চিত মঞ্চে উপস্থিত আমার সহকর্মীরা নাগরিক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যে প্রশ্ন উঠছে সে বিষয়ে একমত হবেন”। অন্যদিকে শাহরুখ খানও সাম্প্রতিক কালে বয়কট ট্রেন্ড নিয়ে এক দীর্ঘ মতামত দেন। এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নানা দল নানা ভাবে ব্যাখ্যা করছেন ওই ভাষণের। তবে অরিজিতের ‘গেরুয়া’ গান নিয়ে একটা বড় অংশের দাবী, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে একেবারেই ওই গানটি করেন নি। শাহরুখের সামনে তাঁর ছবির গান গাওয়াই ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য।

RELATED Articles