এখন স্বরাষ্ট্রমন্ত্রকের নজরে রয়েছে পূর্বাঞ্চলের নিরাপত্তা। সেই সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার জন্যই আজ, শুক্রবার রাতে কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাতেই বিজেপির সদর দফতরে বৈঠক সারবেন তিনি। আগামীকাল নবান্নে (Nabanna) মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে।
সূত্রের খবর, আজ শুক্রবার রাতে দমদম বিমানবন্দরে নামবেন শাহ। রাতে বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে থাকবেন তিনি। তবে এদিন রাতেই তিনি রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা সারবেন দলের সদর দফতরে। এরপর শনিবার দিনভর একাধিক কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। নবান্ন সভাঘরে এই বৈঠকে থাকতে পারেন জোনাল ভাইস চেয়ারম্যান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশ সূত্রের খবর, এদিন রাত ৯টার সময় দমদম বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকেই হয়ত তিনি চলে যাবেন বিজেপির সদর দফতরে। সেখানে রুদ্ধদ্বার বৈঠক রয়েছে। এরপর আগামীকাল অর্থাৎ শনিবার নবান্নে রয়েছে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। এদিন মধ্যাহ্নভোজের পরও চলবে আলোচনা।
সাধারণত পূর্বাঞ্চলের ৫ রাজ্য – পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিমে ঘুরিয়েফিরিয়ে হয় এই বৈঠক। যে রাজ্যে বৈঠক হয়, সেখানকার মুখ্যমন্ত্রী থাকেন ভাইস চেয়ারম্যানের ভূমিকায়। সেই কারণে এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন।
এরপর শনিবারই অমিত শাহ যেতে পারেন রাজারহাটে বিএসএফ ক্যাম্পে। সেখানে সেনাবাহিনীর সঙ্গে কিছু সময় কাটিয়ে জরুরি আলোচনা সারবেন তিনি। অমিত শাহর সফর নিয়ে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, “সরকারি অনুষ্ঠানে আসছেন উনি। পার্টির প্রোগ্রামে না। বিজেপি তাঁকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে পারে। তার বেশি কিছু নয়”।
শাহ সফরের আগেই আজ, শুক্রবার হুগলীর ব্যান্ডেলে রয়েছে রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠক। এও বৈঠকে যোগ দেবেন বি এল সন্তোষ-সহ কেন্দ্রীয় নেতারা। দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে এদিন শীর্ষ নেতারা কোনও কড়া বার্তা দেন কী না, সেটাই এখন দেখার।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “বিজেপির রাজ্যে দফতরে আসবেন অমিত শাহ। আমাদের সঙ্গে বৈঠক করবেন। নেতৃত্বের উচিত একে অপরের বিরুদ্ধে বক্তব্য থেকে বিরত থাকা”।





