‘কোনও তরজা নেই, একই আদর্শে বিশ্বাসী, আপনারাই প্রয়োজন মতো তরজা বাড়ান কমান’, শুভেন্দুর সঙ্গে মতবিরোধের জল্পনায় দাবী দিলীপের

বিগত কয়েকদিন ধরেই বঙ্গ বিজেপির (Bengal BJP) অন্দরে বেশ কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মধ্যে মতপার্থক্য দেখা দিচ্ছিল। দু’জনেই যেন একে অপরকে পরোক্ষভাবে আক্রমণ করছিলেন, এমনটাই মনে হচ্ছিল তাদের নানান মন্তব্যে। প্রশ্ন উথছিল, তাহলে বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতার মধ্যে দ্বন্দ্ব দানা বাঁধছে? এবার এই নিয়ে মুখ খুলে দিলীপ ঘোষ জানালেন, “কোনও তরজাই নেই। একই পার্টি আর একই আদর্শ”।

আজ, শুক্রবার সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানে এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আপনারা(মিডিয়া) আপনাদের প্রয়োজন মতো এই তরজা বাড়ান কমান। আমরা একই পার্টি। একই আদর্শ। নিজের কথা যে যার নিজের মতো বলেন”। তাঁর সংযোজন, “এটাই গণতন্ত্র। যা বিজেপি দলে আছে। বোধোদয় না। এটাই বাস্তব”।

প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবারই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠান ও তাতে বিশৃঙ্খল পরিস্থিতি, পদপিষ্ট হওয়ায় ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, “দান খয়রাতি মানবতার অপমান। কিছু পাওয়ার লোভ দেখিয়ে মানুষকে টেনে আনা আমি সমর্থন করি না। গরীবকে সাহায্য করার অন্য নানারকম উপায় আছে। আরও সতর্ক হওয়া উচিৎ ছিল”।

শুধু তাই-ই নয়, কিছুদিন আগেই শুভেন্দু ডিসেম্বরের তিনটি তারিখ ঘোষণা করে বলেছিলেন যে এই তিন তারিখে কিছু ঘটবে। তা নিয়ে রাজ্য-রাজনীতিতে বেশ কৌতূহল তৈরি হয়েছিল। তা নিয়েও বেশ কটাক্ষ করেছিলেন মেদিনীপুরের সাংসদ। বলেছিলেন, “প্রত্যেকে নিজের মতো করে রাজনীতি করে। কথা বলে। স্টাইল আলাদা। মানুষ ঠিক করে দেয় এর মধ্যে কে ঠিক কে ভুল। তবে আমি তারিখের রাজনীতি বিশ্বাস করি না”।

একের পর এক এরূপ মন্তব্য, বিপরীত কথা, এসব থেকেই অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে তাহলে কী শুভেন্দু ও দিলীপের মধ্যে দূরত্ব বাড়ছে? দুই নেতার মধ্যে কী তাহলে তরজা? তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছিল। তা আঁচ করতে পেরেই দিলীপ ঘোষ এই বিতর্কে জল ঢাললেন বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

RELATED Articles