বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি, উচ্ছ্বসিত সুর সম্রাজ্ঞী, কী বললেন বর্ষীয়ান গায়িকা?

বলিউডে পা রাখতে চলেছেন আশা ভোঁসলে। সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের নাতনি এবার বলিউডে। গানের ডেবিউ নয়, অভিনেত্রী হিসেবেই আত্মপ্রকাশ করবেন জানাই ভোঁসলে। এই খবর সবাইকে জানানোর উদ্দেশ্যে প্রকাশ্যে এনেছেন গায়িকা নিজেই।

জানা গিয়েছে, আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে এবার বলিউডে পা রাখতে চলেছেন। সন্দীপ সিং পরিচালিত দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করবে। এই ছবিতে তাঁকে দেখা যাবে ছত্রপতি শিবাজী মহারাজের শত্রু রানি সাই ভোঁসলের চরিত্রে। এই কথা এদিন নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান বর্ষীয়ান গায়িকা।

আশা ভোঁসলে এক্স প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করে লেখেন, “আমি ভীষণ উচ্ছ্বসিত আমার নাতনি জানাই ভোঁসলেকে সিনেমার জগতের সঙ্গে যুক্ত হতে দেখে। ওকে আসন্ন ছবি দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ ছবিতে দেখা যাবে। আমি আশা করব ও এখানে ওর জায়গা তৈরি করতে সক্ষম হবে। ওকে আর সন্দীপ সিংকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি”।

শুধুমাত্র আশা ভোঁসলে নন, এই ছবির পরিচালক নিজেও খুশি জানাই ভোঁসলের সাথে কাজ করে। তাঁর ছবির মাধ্যমেই ডেবিউ করতে চলেছেন আশা ভোঁসলের নাতনি তাতে স্বভাবতই খুশি পরিচালক। তিনি জানিয়েছেন, “আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি জানাইকে লঞ্চ করতে পেরে। ও নিজেই ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর, এবং একই সঙ্গে ওর যোগ আছে আরও একটি দুর্দান্ত পরিবারের সঙ্গে। লতা মঙ্গেশকর সম্পর্কে ওর ঠাকুমার বোন হন, আর আশা ভোঁসলে ওর নিজের ঠাকুমা। এই পরিচয়গুলো ছাড়া ও নিজেও দারুণ নৃত্যশিল্পী এবং পারফর্মার। আমি নিশ্চিত ও রানি সাই বাইয়ের চরিত্রটি দারুণ ভাবে পালন করবে”। পরিচালক আরও জানিয়েছেন, রানি সাই বাই শিবাজী মহারাজকে মানুষ এবং রাজা হিসেবে উন্নতি করতে অনেকটা সাহায্য করেছেন।

উল্লেখ্য, দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ ছবিটি ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তীর দিন মুক্তি পাবে।

RELATED Articles