ভার্চুয়াল জগতে মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করা কোনও নতুন ঘটনা নয়। সেসব আখছার ঘটে চলেছে। অভিনেত্রীদের ক্ষেত্রে তা আরও বেড়ে যায়। মাঝে মধ্যেই কোনও ছবি পোস্ট করলে সোশ্যাল মিডিয়ায় নানান কুমন্তব্য শুনতে হয় তাদের। অশালীন মন্তব্যের শিকার হন অভিনেত্রীরা। ফের এরকমই এক অভিজ্ঞতার সম্মুখীন হন আয়েশা আত্রেয়ী ভট্টাচার্য। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেই প্রতিবাদে সরব হন অভিনেত্রী। কুমন্তব্যের স্ক্রিনশট নিয়ে তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। এরপর কলকাতা পুলিশের দ্বারস্থ হন তিনি।
বুধবার বিকেলের দিকে নিজের ফেসবুক প্রোফাইলে ‘শিলাদিত্য ৬৯’ নামের প্রোফাইলের এক ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন আয়েশা। সেই মন্তব্যের ভাষা অতীব কদর্য, যা এই প্রতিবেদনে লেখা যায় না। এই পোস্ট শেয়ার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করেন তিনি। পোস্টে তিনি লেখেন “এরাই আসলে ধর্ষক, মানসিক রোগী”।
অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা দেখে প্রতিবাদ জানায় তার অনুরাগীরা ও নেট দুনিয়ার মানুষ। ক্ষোভে ফেটে পড়েছেন তারা। শুধু অভিনেত্রীর অনুরাগী বা অন্য জনগণ নয়, আয়েশার এই পোস্ট দেখে প্রতিবাদে মুখ খুলেছেন অনেক তারকাও। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, “কে এই বিকৃতমনস্ক?”। অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্য বলেন, “এমন লোকদের লজ্জা হওয়া উচিত”।

অনেকেই আয়েশাকে পুলিশে ফোন করে বিষয়টি জানানোর পরামর্শ দেন। এই ধরণের মানুষের কঠিন শাস্তি হওয়া উচিত বলে মনে করেন অনেকেই। নেট দুনিয়ার একাংশ এই ব্যক্তিকে মানসিক রোগী বলে মনে করছেন। সোশ্যাল মিডিয়ায় মেয়েদের আক্রমণ কোনও নতুন ঘটনা নয়, সকলে সাহস জুগিয়ে এই ব্যাপারে প্রতিবাদ করতে পারেন না। অনেকেই এড়িয়ে যান। কিন্তু আয়েশা যে এই ঘটনায় সোচ্চার হয়ে তা নিয়ে সরব হয়েছে, তার এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের পর্দায় আয়েশা বেশ পরিচিত। একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে মা তারার সহচরী ডাকিনীর চরিত্রে অভিনয় করছেন আয়েশা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও। ইনস্টাগ্রামে নিয়মিত নিজের নাচের ভিডিও আপলোড করেন আয়েশা।





