পরনে সাদা সালোয়ার কামিজ, একমুখ হাসি, ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট। দিওয়ালির দিন এই অবতারেই সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে নিজের অনুরাগীদের শুভেচ্ছা বার্তা জানান বিরাটপত্নী অনুষ্কা শর্মা। অভিনেত্রীর এই ছবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
অনুষ্কার এই ছবিতে তাকে প্রথমবারের জন্য সিঁদুর পরতে দেখা যায়। এই নিয়েই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু নেপথ্যে অনুষ্কা নন, বরং এক ইউটিউব চ্যানেল। আসলে সিঁদুর পরা অবস্থায় অনুষ্কার ছবিটি ভুয়ো। এই একই ছবি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলেন ঠিকই কিন্তু সেই ছবিতে তার সিঁথিতে সিঁদুরের লেশমাত্র নেই। জানা গিয়েছে ‘ইউনিভার্সাল ইন সাইটস’ নামের এক ইউটিউব চ্যানেলে অনুষ্কার এই ছবি পোস্ট করা হয় আর তার সেই ছবিতে ফটোশপের মাধ্যমে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। এই নিয়েই প্রবল বিতর্কে জড়িয়েছে ওই চ্যানেল। তার এই ছবি পোস্ট করায় তীব্র ক্ষিপ্ত নেট দুনিয়ার মানুষ।
নেট জনতার একাংশের মতে, কোনও মহিলা সিঁদুর পরবেন কী না, তা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনও বাইরের ব্যক্তি তা কখনোই ঠিক করে দিতে পারেন না। অনুষ্কার সিঁদুর পরা এই ছবি পোস্ট হওয়ার পরেই প্রতিবাদে ভরে উঠে সোশ্যাল মিডিয়া। এর জেরে বেজায় সমস্যায় পড়েছে সেই ইউটিউব চ্যানেল।
প্রসঙ্গত, গত আগস্ট মাসেই বিরাট ও অনুষ্কা তাদের সন্তান আসার খবর প্রকাশ্যে আনেন। এরপর অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিরাটের সঙ্গে দুবাই উড়ে যান অভিনেত্রী। সেখানে আইপিএল চলাকালীন সবসময় বিরাটের সঙ্গেই ছিলেন তিনি। বেবি বাম্প নিয়ে অনুষ্কা অনেক ছবি পোস্ট করেছেন যা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। তবে সিঁদুর বিতর্কের এই ছবি নিয়ে অভিনেত্রীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। আগামী বছরের শুরুতেই অনুষ্কার কোল জুড়ে আসতে চলেছে তার প্রথম সন্তান।
https://twitter.com/baateinvaatein/status/1329411387307618304





