বাংলায় প্রথমবারের মতো ‘বিগ বস’ শুরু হওয়ার সম্ভাব্য দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রতিযোগীদের নাম নিয়ে আলোচনা। শোনা যাচ্ছে, আগামী ৩০ অগাস্ট থেকে ছোটপর্দায় শুরু হতে পারে এই জনপ্রিয় রিয়্যালিটি শো। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত অংশগ্রহণকারীদের সরকারি তালিকা প্রকাশ করা হয়নি, ফলে নানা নাম ঘিরে চলছে জোর জল্পনা।
এই শোতে অংশ নেওয়া মানেই দীর্ঘ সময়ের জন্য বাইরের জগত থেকে বিচ্ছিন্ন থাকা। প্রতিযোগীদের মোবাইল ফোন ব্যবহার করা যায় না এবং কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বিগ বসের ঘরেই থাকতে হয়। তাই অনেকের ধারণা, যাঁদের চূড়ান্ত করা হয়েছে, তাঁরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যদিও টলিপাড়ার একাংশের দাবি, বেশ কয়েকটি নাম নিয়ে এখনও শেষ সিদ্ধান্ত হয়নি।
এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন অভিনেত্রী ও ইমপার প্রাক্তন সভাপতি পিয়া সেনগুপ্ত। জানা গিয়েছে, তাঁর কাছে শোয়ে অংশ নেওয়ার প্রস্তাব পৌঁছেছে। যদিও তিনি এখনও চূড়ান্ত সম্মতি দিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। সম্প্রতি ইমপা থেকে পদত্যাগ করার পর থেকেই তাঁকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংগঠনের দায়িত্বে থাকার সময় রতন সাহা এবং শতদীপ সাহার সঙ্গে তাঁর মতবিরোধও শিরোনামে এসেছিল।
এই পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, যদি পিয়া সেনগুপ্ত বিগ বসের ঘরে যান, তাহলে কি শতদীপ সাহাকেও দেখা যেতে পারে? যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি। তবুও সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় এই নামগুলি ঘুরে বেড়াচ্ছে এবং বিনোদন মহলে তা নিয়ে কৌতূহল ক্রমেই বাড়ছে।
আরও পড়ুনঃ পুজোর আগেই সল্টলেকে মহা চমক! ২৪ ঘণ্টার CNG স্টেশনের সঙ্গে বাড়ি বাড়ি পৌঁছবে পাইপলাইনের গ্যাস! গ্যাস সিলিন্ডারের যুগ কি তবে শেষ?
এদিকে অভিনেতা জীতু কমলের কাছেও নাকি বিগ বসে যোগ দেওয়ার প্রস্তাব গিয়েছে বলে খবর। সূত্রের দাবি, প্রথমদিকে তিনি রাজি হননি। তবে শেষ পর্যন্ত তাঁর সিদ্ধান্ত কী হবে, তা এখনও জানা যায়নি। ফলে আগামী কয়েক সপ্তাহে আরও নতুন তথ্য সামনে আসতে পারে। তবে প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত সবকিছুই জল্পনার পর্যায়েই রয়েছে।






