হিন্দু ধর্মাবেগে আঘাত, ৭২ ঘণ্টার মধ্যে ভিডিও সরিয়ে নিতে হবে, সানি লিওনিকে সরাসরি হুমকি বিজেপি মন্ত্রীর

সানি লিওনিকে নিয়ে বিতর্ক যেন বেড়েই চলেছে। এবার তাঁকে সরাসরি হুমকি দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। কিছুদিন আগেই তাঁর হুমকির মুখে পড়েই বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের একটি বিজ্ঞাপনের ছবি প্রত্যাহার করা হয়েছিল।

নরোত্তম মিশ্র গতকাল, রবিবার বলেন যে সানি লিওনিকে তাঁর নাচের ভিডিও সরিয়ে নিতে হবে। ১৯৬০ সালে মুক্তি পাওয়া ‘কোহিনুর’ ছবির জনপ্রিয় গান ‘মধুবন মে রাধিকা নাচে’ গানের রিমেক ভার্সানে দেখা গিয়েছে সানি লিওনিকে। এই ভিডিও নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ বিতর্ক হয়েছে। এই ভিডিও  নিয়ে ক্ষুব্ধ উত্তরপ্রদেশের মথুরার পুরোহিতরা।

তাঁদের অভিযোগ, রাধার নামে কুরুচিকর গান তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, সানির ভিডিওটি নিষিদ্ধ করার দাবী তুলেছেন মথুরার পুরোহিতরা। পুরোহিতদের একাংশের অভিযোগ এই ভিডিও হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এরপরই বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র এমন হুমকি শানিয়েছেন।

নরোত্তম মিশ্রের কথায় এই গানে সানিকে খোলামেলা পোশাকে নাচ করতে দেখা গিয়েছে যা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। এর গানর যাঁরা রিমেক করেছেন, সেই শাকিব-তোশির বিরুদ্ধেও একই অভিযোগ এনেছেন নরোত্তম। বিজেপি মন্ত্রী হুমকি দিয়েছেন যাতে ৭২ ঘণ্টার মধ্যে এই ‘অশ্লীল’ ভিডিও সরিয়ে ফেলা হয়।

এই ভিডিওতে সানিকে লিওনিকে অন্তর্ভুক্ত করা নিয়েও প্রশ্ন তুলেছেন নরোত্তম। স্পষ্টতই সানির অতীতের দিকেই ইঙ্গিত করেছেন তিনি। তিনি হুমকি দেন যে এই মিউজিক ভিডিওটি সরিয়ে না নিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তাঁর কথায় “কিছু মানুষ হিন্দু ভাবাবেগকে আঘাত করেই চলেছেন। রাধার জন্য আরাধনার মন্দির আছে। আমরা তাঁর কাছে প্রার্থনা করি। শাকিব-তোশি নিজেদের ধর্ম নিয়ে যেমন ইচ্ছে গান তৈরি করতে পারেন। কিন্তু এ ধরনের গান আমাদের ভাবাবেগে আঘাত দেয়। তিন দিনের মধ্যে এই ভিডিও সরানো না হলে আমি আইনি পদক্ষেপ করব”।
এর আগেও এই মিউজিক ভিডিও নিয়ে বৃন্দাবনের সন্ত নবল গিরি মহারাজ হুমকি দিয়ে বলেন, “সরকার যদি এই গানকে নিষিদ্ধ না করে, কিংবা অভিনেত্রী সানির বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ না করে, তা হলে আমরা মামলা দায়ের করব”।

গত বুধবারই মুক্তি পেয়েছে সানি লিওনি অভিনীত ‘মধুবন মে রাধিকা নাচে’ ভিডিওটি। এই গানের নেপথ্য কণ্ঠ কণিকা কাপুর এবং অরিন্দম চক্রবর্তীর। এই ভিডিওটিতে নাচ করতে দেখা গিয়েছে সানি লিওনিকে যা নিয়ে শুরু হয়েছে এত বিতর্ক।

RELATED Articles