ফের বিতর্কে কঙ্গনা! অভিনেত্রীর পাসপোর্ট রিনিউয়ের আবেদনে একাধিক অসঙ্গতি, বম্বে হাইকোর্টের দ্বারস্থ বলিউড ‘ক্যুইন’

বিতর্ক যেন তাঁর পিছু ছাড়তেই চায় না। বিতর্ক ও কঙ্গনা রানওয়াত একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। এবার ফের নতুন করে এক বিতর্কে জড়ালেন বলিউড ক্যুইন। তাঁর পাসপোর্ট রিনিউয়ের আবেদনে মিলল একাধিক অসঙ্গতি।

আসলে, সেপ্টেম্বর ২০২০-তেই মেয়াদ ফুরিয়েছে কঙ্গনার পাসপোর্টের। তা রিনিউ করতেই বেশ কসরত করতে হচ্ছে অভিনেত্রীকে। এই নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থও হন কঙ্গনা, কিন্তু তাতেও বিশেষ ফল মেলেনি।

সম্প্রতি বম্বে হাইকোর্ট পাসপোর্ট অফিস জানায় যে কঙ্গনার পাসপোর্ট রিনিউ করার আবেদনে বেশ কিছু বদল আনতে হবে। আবেদনপত্রে বেশ কিছু জায়গায় অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে বলে জানা যায়। পাসপোর্ট অফিস নিয়মের বিরুদ্ধে যেতে পারবে না। তাই এই বদলের পরই অভিনেত্রীর ডকুমেন্ট রিনিউ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- টলিপাড়ায় শুটিং জট অব্যাহত! নতুন ধারাবাহিকের শুটিং বন্ধ গেল আজও, সমস্যা সমাধানে ফের বৈঠক

এদিকে, পাসপোর্ট অফিসের অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অনিল সিং কঙ্গনাকে জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা চলছে। তাই বম্বে হাইকোর্টের নির্দেশ ছাড়া পাসপোর্ট রিনিউ করা সম্ভব নয়।

এরপরই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। বলে রাখি, কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলির বিরুদ্ধে গত বছর এই মামলা দায়ের করা হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোয় ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করবার অভিযোগ ওঠে অভিনেত্রী ও তাঁর দিদির বিরুদ্ধে।

তবে পাসপোর্ট রিনিউয়াল অথোরিটির তরফে জানানো হয়েছে যে কঙ্গনার বিরুদ্ধে যে ক্রিমিনাল কেস চলছে, তা এখনও প্রসেস হয়নি। তাই পাসপোর্ট রিনিউয়ের আবেদনপত্রে যে জায়গাগুলিতে অসঙ্গতি রয়েছে, সেই জায়গাগুলি পরিবর্তন করে দিলে পাসপোর্ট অফিসার কঙ্গনার আবেদন নিয়ে ভাববেন। এরপর হাইকোর্ট নির্দেশ দেয় যাতে অসঙ্গতি বদল করে ঠিক তথ্য দেওয়া হয়।

RELATED Articles