ফের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এল বলিউডে। নিজের ঘর থেকেই উদ্ধার হল ‘এম এস ধোনি’, ‘কেশরী’ খ্যাত অভিনেতা সন্দীপ নাহারের মৃতদেহ। সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এই নিয়ে শোরগোল পড়ে যায় বলিউডে।
সন্দীপ নাহারের মৃত্যুর আগেই ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে মৃত্যুর ইঙ্গিত দেন তিনি। ভিডিওতেই বলেন যে নিজের ব্যক্তিগত জীবনে অখুশি ছিলেন তিনি। শুধু ব্যক্তিগত জীবনই নয়, এর পাশাপাশি নিজের কেরিয়ার নিয়েও অখুশির কথা জানান তিনি। এও জানান যে, তিনি দীর্ঘদিন ধরেই মানসিক ও আর্থিক দুরাবস্থায় ভুগছেন। এই কারণেই মৃত্যুর সিদ্ধান্ত নিতে চলেছেন বলে জানান সন্দীপ। এই ভিডিও পোস্টের পরপরই তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
মৃত্যুর আগের ফেসবুক পোস্টের ভিডিওতে সন্দীপ বলেন যে তিনি নিজের ব্যক্তিগত জীবনে অখুশি ছিলেন। তিনি নিজের বাবা-মাকে গর্বিত করতে চেয়েছিলেন, কিন্তু তাতেও ব্যর্থ হন তিনি। ফিল্ম দুনিয়া তাঁকে অনেক কাজ দিয়েছে কিন্তু তাঁর স্ত্রীকে নিয়ে তাঁর জীবনে যে অশান্তি, তা আর তিনি সহ্য করতে পারছেন না। বিয়ের সিদ্ধান্তই তাঁর জীবন থেকে সব খুশি কেড়ে নিয়েছে বলে জানান সন্দীপ। মা-বাবাকে দুঃখ দিয়ে তিনি যে ভুল সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছিলেন, তার খেসারত তাঁকে দিতে হয়েছে।
এর পাশাপাশি তিনি এও জানান যে মুম্বই তাঁকে অনেক কিছু দিয়েছে। তবে এখানে অনেক রাজনীতিও রয়েছে। কাজ দেব বলেও অনেকে তা ছিনিয়ে নেয়, এমন অভিযোগও তাঁকে করতে দেখা যায় তাঁর শেষ ভিডিওতে।
ভিডিওর মাধ্যমেই জানা যায় যে, বেশ কিছুদিন ধরেই স্ত্রীয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না। এর উপর তাঁর শাশুড়িও তাঁর উপর মানসিক চাপ দিচ্ছিলেন বলে জানান সন্দীপ। তাঁর পোস্ট অনুযায়ী, বিয়ের পর থেকে ২ বছর তাঁর জীবনে আমূল পরিবর্তন এসেছে। তাঁর জীবন কার্যত নরক হয়ে উঠেছে বলে জানান তিনি। তিনি এও আর্জি জানান যে তাঁর মৃত্যুর পর কেউ যেন তাঁর স্ত্রীকে দোষারোপ না করেন। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, মানসিক টানাপড়েনের জেরে নিজের জীবন শেষ করে দিয়েছেন সন্দীপ।





