বর্তমানে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলায় জড়িয়ে গিয়েছে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু রহস্যও। অনেকেই মনে করছেন যে ছয় দিনের ব্যবধানে দুটো অস্বাভাবিক মৃত্যু একে অপরের সঙ্গে যুক্ত আছে। এবার এই বিতর্ক উসকে দিলেন আন্ধেরির বিধায়ক অমিত সতম। এ নিয়ে তিনি মুম্বাইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ কে চিঠিও দিয়েছেন যেখানে বেশ কিছু প্রশ্ন করেছেন অমিত।
এই চিঠিতে মহারাষ্ট্রের এই বিজেপি বিধায়ক লিখেছেন, দিশার মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়েছে ঠিকই তবে আমার কিছু প্রশ্ন আছে। দিশাকে কি ধাক্কা মেরে বহুতল থেকে কেউ ফেলে দিয়েছিল নাকি দিশা নিজেই ঝাঁপ দিয়েছিলেন? গোটা ঘটনার সঠিক সময় কোনটা? ঘটনার কি ফরেনসিক তদন্ত হয়েছে?
https://twitter.com/AmeetSatam/status/1290600724225613824?s=20
দিশা মৃত্যুর আগে কোন পার্টি করেছিল? করে থাকলে সেই পার্টিতে কারা কারা ছিল? দিশার কল রেকর্ড কি চেক করা হয়েছে? মৃত্যুর ২৪ ঘন্টা আগে কার কার সঙ্গে কথা বলেছিলেন দিশা? যেখানে এই ঘটনা ঘটেছে সেই বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছিল? সেখানে তারা শেষ পর্যন্ত দিশার সঙ্গে ছিলেন এবং দিলার ফ্ল্যাটে কে কে গিয়েছিলেন? দিশার মৃত্যুর পর ওই বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী, প্রতিবেশী, ওই বিল্ডিংয়ের অন্যান্যা বাসিন্দাদের বক্তব্য কি রেকর্ড করা আছে?
দিশার ভিসেরা কি সংরক্ষিত করা হয়েছে? যদি সংগ্রহ করা হয়ে থাকে তাহলে আবার পরীক্ষা করা হোক। এর ফলে তার মৃত্যুকালীন পরিস্থিতি ও সময় নিয়ে একাধিক প্রশ্নের উত্তর মিলবে। সম্পূর্ণ পরিপক্ক তদন্তকারীর মতোই প্রশ্নগুলো করেছেন এই বিজেপি বিধায়ক। অন্যদিকে মুম্বাই পুলিশের তরফে গতকালই ডিসিপি বিশাল ঠাকুরের তরফে জানা গিয়েছিল যে তাঁরা দিশার ভিসেরা রিপোর্ট এর জন্য অপেক্ষা করছেন। মৃত্যুর এতদিন পরে ভিসেরা রিপোর্ট পরীক্ষা করাতে প্রশ্ন উঠছে মুম্বাই পুলিশের তদন্ত প্রকৃতি নিয়েই।





