রানী রাসমনি বলতে প্রথমেই মনে আসে হালিশহরের সেই ছোট্ট মেয়েটি যে মাত্র ১০ বছর বয়সে বাবু রামচন্দ্র দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কলকাতায় আসেন। ধীরে ধীরে নিজেকে বনেদি বাড়িতে খাপ খাওয়ানো থেকে শুরু করে সকলের প্রিয় রানিমা হয়ে ওঠার গল্পটা কিন্তু কম ছিল না। এখন রানিমার বয়স বেড়েছে, কিন্তু তবুও জামাই ও নাতিদের সাহায্যে বেশ ভালোই জমিদারি চালিয়ে যাচ্ছেন তিনি।
রানী রাসমনি চরিত্রে যখন অভিনয় শুরু করেন তখন দশম শ্রেণীর ছাত্রী ছিলেন দিতিপ্রিয়া। প্রথমে তাকে বলা হয়, মাত্র তিনমাসের জন্য এই ধারাবাহিকে থাকবেন তিনি। কিন্তু প্রথম থেকেই দর্শকের মন জয় করে নেন তিনি। তাকে ছাড়া এই ধারাবাহিক কেউ দেখবেন না, এই বলে সোশ্যাল মিডিয়াতে নানা পোস্টও করেন দর্শকমহলের একাংশ। এর জেরে সিদ্ধান্ত বদল করেন প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ। সিরিয়ালের টিআরপি যাতে কমে না যায় তাই থেকে গেলেন এই ছোট্ট নায়িকা। অতঃপর, যৌবন থেকে শুরু করে মধ্যবয়স্কা ও অবশেষে বার্ধক্য, সব সময়ের সঙ্গে তাল মিলিয়েই এই ধারাবাহিকে নিজের এক অনন্য জায়গা করে নিয়েছেন দিতিপ্রিয়া। ধারাবাহিকের টিআরপিও চলছে রমরমিয়ে। এক থেকে তিনের মধ্যেই তা বিরাজমান।
তবে এবার রানিমার দেখা মিলল সম্পূর্ণ আলাদা রূপে। শুটিং-এর ফাঁকেই সময় করে একটু ঘুরতে বেড়িয়ে পড়েছেন রানিমা ওরফে দিতিপ্রিয়া। তার প্রিয় পাহাড়, তাই দার্জিলিং- এর উদ্দেশ্যেই রওনা দিয়েছেন তিনি। সেখানে গিয়েও নিজের অনুরাগীদের ভোলেন নি তিনি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় খোলা আকাশে সাদা জ্যাকেট ও গোলাপি লিপস্টিকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে। তার ববকাট চুল ও চোখে সানগ্লাস বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। তার এই ছবি পোস্ট হতেই বেশ সুন্দর সুন্দর কমেন্ট এসেছে।
View this post on Instagram
প্রসঙ্গত, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি শুভ্রজিৎ মিত্রের ছবি ‘অভিযাত্রিক’। এই ছবিতে অপুর চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ও অপর্নার চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে। সত্যজিৎ রায় অপুর ট্রিলজি শেষ করেছিলেন ১৯৫৯-এ ‘অপুর সংসার’ দিয়ে। ঠিক সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’। প্রায় ষাট বছর পরে এই ছবির হাত ধরেই বাঙালীর নস্টালজিক চরিত্র অপু ফিরবে পর্দায়। সম্প্রতি, ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২০’-তে জায়গা পেল ‘অভিযাত্রিক’।





