পরনে নেই রানিমার সাজ, একেবারে অন্য রকম লুকে দর্শকের নজর কাড়লেন দিতিপ্রিয়া

জি বাংলার সব ধারাবাহিকের মধ্যে এক ও অন্যতম যে ধারাবাহিকটি শুরুর দিন থেকে দর্শকের মন ছুঁয়ে এসেছে তা হল ‘করুণাময়ী রানী রাসমনি’। সন্ধ্যে সাড়ে ৬টা বাজলেই হাতে রিমোট নিয়ে টিভির পর্দার সামনে বসা চাই। রানীমার চরিত্রে দিতিপ্রিয়ার অসামান্য অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হয়ে এসেছেন নায়িকা। তার কাজের জন্যই সবসময় এই ধারাবাহিকটি টিআরপি-এর দৌড়েও বেশ ভালো স্থানেই থেকে এসেছে।

এমনিতে রানিমা ওরফে দিতিপ্রিয়ার প্রচুর ভক্ত। সাধারণত তাকে বেশিরভাগ সময়ই দেখা যায় পাশ্চাত্য পোশাক ও ছোটো চুলে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার সম্প্রতিকালের ছবি নজর কেড়েছে তার অনুরাগীদের।

ইনস্টাগ্রামে নতুন পোস্ট করা ছবিতে একেবারে অন্য রূপেই ধরা দিলেন দিতিপ্রিয়া। এমনিতেই সাবেকি হোক বা পাশ্চাত্য পোশাক, সবেতেই তিনি সিদ্ধ হস্তা। এবার তাকে দেখা গেল গাঢ় নীল রঙের শাড়িতে, টাইট কার্ল করা লম্বা চুলে। সঙ্গে ফ্রিল দেওয়া লম্বা হাতার ব্লাউজ ও অক্সিডাইজড গয়না। হালকা মেকআপ ও ন্যুড লিপস্টিকে তিনি হয়ে উঠলেন অনন্যা।

দিতিপ্রিয়ার এই ছবি নজর কেড়েছে দর্শকদের। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। ছবির ক্যাপশনে দিতিপ্রিয়া লিখেছেন, “সাধারণ রাখো কিন্তু উল্লেখযোগ্য”।

প্রসঙ্গত, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি শুভ্রজিৎ মিত্রের ছবি ‘অভিযাত্রিক’। এই ছবিতে অপুর চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ও অপর্নার চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে। সত্যজিৎ রায় অপুর ট্রিলজি শেষ করেছিলেন ১৯৫৯-এ ‘অপুর সংসার’ দিয়ে। ঠিক সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’। প্রায় ষাট বছর পরে এই ছবির হাত ধরেই বাঙালীর নস্টালজিক চরিত্র অপু ফিরবে পর্দায়। ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম সিলেকশন কমিটি ইতিমধ্যেই এই ছবিকে মনোনীত করেছেন। আগামী ৫ই নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবের আসরেই আবার বাঙালীর কাছে ফিরবে অপু। তবে দিতিপ্রিয়াকে অপর্নার চরিত্রে কেমন মানায়, তা দেখার জন্যও উৎসুক দর্শক।

আরও অন্যান্য খবর