সেবাই যাঁর জীবনের ব্রত, সেই চিকিৎসকের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! সাধারণ মানুষের ‘ভরসার নাম’ হয়ে বড়পর্দায় কবে আসছেন অভিনেতা?

রথযাত্রার দিন দর্শকদের জন্য নতুন চমক নিয়ে এলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘অভিমান’ ছবিতে তাঁকে রকস্টারের ভূমিকায় দেখা গিয়েছিল। এবার সম্পূর্ণ ভিন্ন চরিত্রে ফিরছেন তিনি। প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ছবি ‘ডাক্তার কাকু’র প্রথম পোস্টার। পোস্টারে স্কুটি চালিয়ে যাওয়া এক চিকিৎসকের অবয়বের মাধ্যমে ছবির আবহ তুলে ধরা হয়েছে। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

ছবির প্রযোজক এনা সাহা জানিয়েছেন, ‘ডাক্তার কাকু’ কোনও নির্দিষ্ট বাস্তব চরিত্রের জীবনী নয়। তবে সমাজে এমন বহু চিকিৎসক রয়েছেন, যাঁরা নিজের পরিবার, ব্যক্তিগত সময় এবং স্বাচ্ছন্দ্যকে দূরে রেখে মানুষের সেবায় জীবন উৎসর্গ করেন। সেই ধরনের একজন আদর্শবাদী চিকিৎসকের জীবন, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধই এই ছবির মূল বিষয়। একই সঙ্গে ছবিতে বাবা ও ছেলের সম্পর্কও গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হবে।

এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋদ্ধি সেন, এনা সাহা এবং তুলিকা বসু। এছাড়াও ছোটপর্দার পরিচিত মুখ সুচন্দ্রা ও শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়সহ আরও একাধিক শিল্পী অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন পাভেল। শুধু পরিচালনাই নয়, তিনি নিজেও ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মেটাট্রন প্রোডাকশনসের নিবেদনে এবং এনা সাহা ও বনানী সাহার প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি।

নতুন ছবির পোস্টার প্রকাশ করে সমাজমাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, আর অপেক্ষার প্রয়োজন নেই, ‘ডাক্তার কাকু’ ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে। শিক্ষক দিবসের আবহে মুক্তি পাওয়া এই ছবিতে শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, জীবনের মূল্যবোধেও খুঁজে পাওয়া যাবে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। পোস্টটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে ছবিটি নিয়ে উৎসাহ আরও বেড়ে যায়।

আরও পড়ুনঃ সোনাদা এবার পুরুত! ১০০ বছরের অভিশাপ, ভাঙতে কি পারবেন আবির চট্টোপাধ্যায়? বাড়ছে রহস্য, ব্যাপার কী?

ছবিতে প্রসেনজিৎ অভিনয় করেছেন চিকিৎসক দিলীপ সাহার চরিত্রে, যিনি রোগীর সেবাকেই জীবনের সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করেন। রোগী দেখার সময় নিজের খাওয়া, বিশ্রাম কিংবা ব্যক্তিগত জীবনের কথা পর্যন্ত ভুলে যান তিনি। এলাকার মানুষের কাছে তাই তিনি ভরসার আরেক নাম। অন্যদিকে তাঁর ছেলে পুশকিনের চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধি সেন এবং পাভেলকে দেখা যাবে ‘পচা’ চরিত্রে। উল্লেখ্য, প্রায় পাঁচ বছর আগে এই ছবির পরিকল্পনা শুরু হলেও অবশেষে চলতি বছর দর্শকদের সামনে আসতে চলেছে ‘ডাক্তার কাকু’।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর