“হাউ ইজ দ্য জোশ?” লাইনটা শুনলেই টল ডার্ক হ্যান্ডসাম একটা লোকের কথা মনে পড়ে না? ভিকি কৌশল। নামটা শুনলে আজ কেউ বলবে না কে এই ছেলেটা? হিরোর মত বিন্দুমাত্র এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই তাঁর মধ্যে। তবুও হার মানার পাত্র সে নয়। অভিনেতা হওয়ার স্বপ্ন তাঁর দু’চোখে, হিরো নয়। সে যে জাত অভিনেতা তাঁর অভিনীত মাসান ছবিতেই বুঝিয়ে দিয়েছেন, তারপর আর থেমে থাকেননি।
আজ তাঁর জন্মদিন। শুভেচ্ছার ঢল উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা দিন ছিল তাঁকে ইন্ডাস্ট্রিতে কেউ পাত্তা দেয় নি। আজ যশ রাজ ফিল্মসের অফিস থেকে ধর্মা প্রযোজনা সংস্থা তাঁকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়। শাহরুখ খান যেচে ফোন করে প্রশংসা করে ভিকির।
মাসানের পরই ভিকির কেরিয়ার জীবনের মোড় ঘুরে যায়। একটি সাধারণ চেহারার ছেলে যে কেবল একজন দক্ষ অভিনেতা হতে এই জগতে পা রেখেছে তা যেন ছিল দিনের আলোর মত স্পষ্ট। বাবা শ্যাম কৌশল, বলিউডের স্টান্টম্যান এবং অ্যাকশন পরিচালক। বাবার সঙ্গে ফিল্ম সেটে ঘুরতে ঘুরতে কখন যে লাইট ক্যামেরার অ্যাকশনের পৃথিবী তাঁকে এভাবে হাতছানি দিতে শুরু করেছে তা তিনি নিজেও বোঝেননি।
২০১২ সাল থেকে বলিউডে রীতিমত জোর কদমে অভিনয় শুরু করেন ভিকি। তাঁর ডেবিউর কথা অবশ্যই অধিকাংশ মানুষের মনে নেই। মাসান তাঁর ডেবিউ ছবি নয়। লভ শভ তে চিকেন খুরানা ছবিতে ওমির তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি। নিজের এই সাফল্যের জন্য ভিকি সম্পূর্ণভাবে পরিচালক অনুরাগ কাশ্যপের কাছে চিরকৃতজ্ঞ। অনুরাগ কাশ্যপই একমাত্র যিনি ভিকির প্রতিভাকে বলিউডে সকলের নজর কাড়তে সাহায্য করেছিলেন।
কফি উইথ করণ অনুষ্ঠানে আয়ুষ্মান খুরানার সঙ্গে এসেছিলেন ভিকি।করণ যখন তাঁকে প্রশ্ন করেন যে কোন পরিচালককে তিনি এক কথায় চোখ বন্ধ করে বেছে নেবেন। তখন তিনি স্পষ্ট জানান, বিগ বাজেট ছবি হয়ত বাকি পরিচালকরা তাঁকে দিয়েছেন এ কথা সত্যি। তবে অনুরাগ কাশ্যপ একমাত্র যিনি ভিকিকে বড়ো পরিচালকের অফিসে পৌঁছতে সাহায্য করেছিলেন।
শুধু সিনেমার গন্ডিতেই নিজেকে আবদ্ধ রাখেননি দেশের এই মোস্ট এলিজিবল ব্যাচেলর। ‘লভ পার স্কোয়ার ফুট’, ‘লাস্ট স্টোরিজ’ এর মতো ওটিটি ফিল্মও করেছেন, আবার ‘বড়া পছতাওগে’র মত মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা গিয়েছে। এই তরুণ প্রতিভা যে লম্বা রেসের ঘোড়া তা বলেই দিয়েছেন বলিউড বিশেষজ্ঞরা।





