ভারতে পা রাখলেই এবার ত্রিপুরার জেলেই পাবেন ঘর, নোবেলের বিরুদ্ধে মামলা ত্রিপুরাতে

ভারতে এলেই এবার গ্রেপ্তার হবেন বিতর্কিত বাংলাদেশী গায়ক নোবেল। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করার অপরাধে, তার বিরুদ্ধে ত্রিপুরা পুলিসের কাছে একাধিক ধারায় মামলা দায়ের করা হল।

ত্রিপুরা পুলিস সূত্রে খবর, নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল। ইতিমধ্যেই সুমন পালের দায়ের করার এফআইআরের কপি স্বরাষ্ট্রমন্ত্রক, বাংলাদেশ হাই কমিশন ও ত্রিপুরা জেলা পুলিস সুপারের কাছে পাঠানো হয়েছে। নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অভিযোগকারী। এমনকি এরপর নোবেল এদেশে পা দিলেই এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়ে দিয়েছে ত্রিপুরা পুলিস।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কটূক্তি করে একটি পোস্ট দেন বাংলাদেশের গায়ক নোবেল। সঙ্গে সঙ্গে সেই পোস্ট ভাইরাল হয় এবং তাঁর এই পোস্টের সমালোচনা শুরু হয় ভারত ও বাংলাদেশে। এরপর বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ (RAB)-এর জেরার সম্মুখীন হতে হয় মইনুল হাসান নোবেলকে। বাংলার একটি রিয়ালিটি শো থেকে খ্যাতির শীর্ষে পৌঁছানো গায়ক সব সময়ই হয়তো বিতর্কের মাঝে থাকতে পছন্দ করেন। এই প্রথম নয়, এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন নোবেল। কখনও রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করেছেন, আবার কখনো কিংবদন্তীদের অশালীন মন্তব্য করেছেন। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পর্যন্ত উঠেছে।

RELATED Articles

Leave a Comment