জীবনে প্রথম যে ছবিতে নায়িকা হয়েছিলেন সেই ছবি মুক্তির আগেই নায়কের আত্মহত্যার খবর কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছিল অভিনেত্রীকে যার প্রমাণ পাওয়া গিয়েছিল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। নবাগতা অভিনেত্রী সঞ্জনা সাংঘির কথা হচ্ছে এখানে। এত কঠিন ডেবিউ বোধহয় এর আগে কেউ করেননি বলিউডে। সুশান্তের মৃত্যুর পর মুম্বাই পুলিশের ম্যারাথন জেরার মুখে পড়েছিলেন সঞ্জনা। ইনস্টাগ্রামে তার কান্না ভেজা ভিডিও এখনো সকলেরই মনে আছে। এত সময় যেভাবে মুম্বই ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী তাতে সকলেই ভেবেছিলেন আর বোধহয় ফিরবেন না এই তরুণ প্রতিভা।
কিন্তু সকলকে ভুল প্রমাণ করে আবার অভিনয়ের মূল স্রোতে ফিরে আসছেন সঞ্জনা। এইবারের নতুন ছবিতে তার বিপরীতে অভিনয় করতে চলেছেন আদিত্য রয় কাপুর। বলিউড পেতে চলেছে ফ্রেশ একটি জুটিকে।
ছবির নাম ‘ওম দ্য ব্যাটল উইথইন’। কপিল শর্মা এই ছবিটির পরিচালনা করছেন এবং জি স্টুডিও, আহমেদ খান ও শাইরা খান ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন।
সঞ্জনা নিজেই এই খবর নিজের ইনস্টাগ্রামে দেন এবং তিনি যে যথেষ্ট আপ্লুত ও অভিভূত তা তার পোস্টের বয়ান দেখেই বোঝা যাচ্ছে। আদিত্য রয় কাপুরও এই সংক্রান্ত একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেন যেখানে তিনি সঞ্জনাকে স্বাগত জানিয়েছেন।
সঞ্জনার চরিত্রের নাম কাব্যা যে ভীষণ আত্মবিশ্বাসী, পরিশ্রমী, বুদ্ধিদীপ্ত এবং সাহসী। তাই এই চরিত্রে অভিনয় করার জন্য শারীরিক এবং মানসিক ভাবে যথেষ্ট প্রস্তুতি নিতে হবে বলে নিজেই জানাচ্ছেন অভিনেত্রী। সেই সংক্রান্ত প্রস্তুতিও তিনি খুব জলদি শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন সঞ্জনা। এই খবর প্রকাশ্যে আসতেই এই নতুন জুটিকে দেখার জন্য মুখিয়ে আছেন তাদের অনুরাগীরা।






