আইআইটি মেধা হার মানল ঘোড়ার কাছে! কেবিসিতে ১ কোটির প্রশ্নে ভুল উত্তর আইআইটি বম্বে টপারের! বড় সুযোগ হাতছাড়া যোগেশ সাহুর, আপনি কি জানেন উত্তরটা?

‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’-এর সাম্প্রতিক পর্বে দুর্দান্ত খেলা দেখিয়েও এক কোটির প্রশ্নে আটকে গেলেন ২২ বছরের যোগেশ সাহু। ছত্তিশগড়ের এই তরুণ আইআইটি বম্বের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেধাতালিকায় শীর্ষে ছিলেন। একের পর এক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত এক কোটি টাকার প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুল করেন তিনি। ফলে এক কোটি টাকা জেতার সুযোগ হাতছাড়া হলেও ৫০ লাখ টাকা নিয়ে অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন যোগেশ।

এক কোটি টাকার জন্য অমিতাভ বচ্চন তাঁকে প্রশ্ন করেন ১৯৪৩ সালের ‘ইন্ডিয়ান ডার্বি’ নিয়ে। প্রশ্ন ছিল, ১৯৪৩ সালে মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে ভাদোদারার মহারাজার মালিকানাধীন কোন ঘোড়া প্রথম ইন্ডিয়ান ডার্বি জিতেছিল? চারটি বিকল্প ছিল ‘প্রিন্সেস বিউটিফুল’, ‘রিগাল ডোমেইন’, ‘স্টার অফ গোয়ালিয়ার’ এবং ‘প্রিন্স প্রদীপ’। সব লাইফলাইন শেষ হয়ে যাওয়ার পর নিজের যুক্তি দিয়ে উত্তর বেছে নিতে হয় যোগেশকে।

প্রশ্নে ‘Horse’ শব্দটি দেখে যোগেশ মনে করেছিলেন, ‘প্রিন্সেস বিউটিফুল’ নামটি স্ত্রীলিঙ্গ হওয়ায় সেটি সঠিক হতে পারে না। সেই যুক্তিতে তিনি ‘প্রিন্স প্রদীপ’ উত্তরটি বেছে নেন। কিন্তু তাঁর উত্তর ভুল ছিল। সঠিক উত্তর হল ‘প্রিন্সেস বিউটিফুল’। ১৯৪৩ সালের ৩০ জানুয়ারি মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত প্রথম ইন্ডিয়ান ডার্বিতে ভাদোদারার মহারাজার মালিকানাধীন এই মাদী ঘোড়াটিই জয় পেয়েছিল। ফলে এক কোটি টাকার প্রশ্নে সেখানেই থেমে যেতে হয় যোগেশকে।

ইন্ডিয়ান ডার্বির ইতিহাসও বেশ পুরনো। ১৯৪৩ সালের সেই প্রথম দৌড়ে পুরস্কারের অর্থ ছিল ৩৫ হাজার টাকা। ‘প্রিন্সেস বিউটিফুল’ শুধু ইন্ডিয়ান ডার্বিই নয়, সেই মরসুমে ইন্ডিয়ান ১০০০ গিনি এবং ২০০০ গিনিতেও জয় পেয়েছিল। অস্ট্রেলিয়ান জকি এগার ব্রিটের সওয়ারিতে এবং এম সি প্যাটেলের প্রশিক্ষণে ঘোড়াটি সেই সময় নজর কেড়েছিল। ইতিহাস ও ঘোড়দৌড়ের এই তথ্যই এবার কেবিসির এক কোটি টাকার প্রশ্ন হয়ে হাজির হয়েছিল।

আরও পড়ুনঃ ‘১৮ বছর বয়সে মেয়েরা কী খেতে পারে, ছেলেরা পারে না?’ ‘দাদাগিরি ১০’-এর মঞ্চে, দেবের গুগলিতে মাথা ঘুরল প্রতিযোগীর! আপনি জানেন কি উত্তরটা?

যোগেশের ব্যক্তিগত জীবনও যথেষ্ট অনুপ্রেরণার। ছত্তিশগড়ের ভাতাপাড়ার বাসিন্দা এই তরুণের বাবা গাড়ি চালান এবং পরিবারের মাসিক আয় প্রায় ২০ হাজার টাকা। আইআইটি বম্বে থেকে পড়াশোনা শেষ করার পর যোগেশ ১৮ লাখ টাকার চাকরির প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করতে সেই চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। এক কোটি টাকা না পেলেও ৫০ লাখ টাকার এই পুরস্কার তাঁর পরিবারের আর্থিক পরিস্থিতিতে বড় সাহায্য করবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর