হিন্দি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়েছেন! এবার কি তবে ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন ইন্দ্রাণী হালদার?

‘শ্রীময়ী’ ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ কিছুটা সময় অভিনয় থেকে দূরে রয়েছেন ইন্দ্রাণী হালদার। প্রায় ৪০ বছরের অভিনয় জীবনে সিনেমা এবং ধারাবাহিকে একাধিক জনপ্রিয় চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। বাংলা টেলিভিশনের পাশাপাশি মুম্বইয়েও কাজ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে আসতেই তাঁর চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য শুরু হয়েছে।

শারীরিক সমস্যার কারণে একসময় ইন্দ্রাণীর ওজন বেড়ে গিয়েছিল। পরে নিয়ম মেনে চেষ্টা করে সেই ওজন অনেকটাই কমিয়েছেন তিনি। যদিও অসুস্থতার কিছু প্রভাব এখনও তাঁর চেহারায় রয়েছে। তা নিয়েই কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। ইন্দ্রাণী জানিয়েছেন, তাঁর ছবি দেখে কেউ ডায়াবেটিস বা ক্যানসার হয়েছে বলে মন্তব্য করেছেন, এমনকী মৃত্যুকামনাও করেছেন কেউ কেউ। এসব কথায় কষ্ট পেলেও নিজের ইতিবাচক মনোভাব ধরে রাখতে চান তিনি।

অভিনয় জীবনের নানা প্রাপ্তির মাঝেও একটি আক্ষেপ রয়েছে ইন্দ্রাণীর। তাঁর ইচ্ছে ছিল পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আরও কয়েকটি কাজ করার। ‘দহন’-এর ঝিনুক থেকে শুরু করে ‘শ্রীময়ী’ এবং ‘গোয়েন্দা গিন্নি’, তাঁর একাধিক চরিত্র এখনও দর্শকদের মনে রয়েছে। ছোটপর্দায় ফেরার বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, আপাতত নির্দিষ্ট কিছু ভাবেননি। তবে ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন হলে তিনি বিষয়টি নিয়ে ভাবতে পারেন।

তবে ‘শ্রীময়ী’র দ্বিতীয় সিজনে ফেরার কোনও ইচ্ছে নেই ইন্দ্রাণীর। তাঁর কাছে এখনও নিয়মিত কাজের প্রস্তাব আসে, কিন্তু সব প্রস্তাব গ্রহণ করা সম্ভব হয় না। এমনকী ‘বিগ বস বাংলা’ থেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। সেই প্রস্তাব অবশ্য তিনি সরাসরি ফিরিয়ে দিয়েছেন। ইন্দ্রাণীর বক্তব্য, নিজে থেকে কারও কাছে গিয়ে কাজ চাওয়ায় তিনি স্বচ্ছন্দ নন। তাই ‘আমাকে কাজ দিন’ বলে কারও কাছে যাওয়ার পক্ষপাতী নন তিনি।

আরও পড়ুনঃ বিগ বসের ঘরে ঢুকতে গিয়েই বিপত্তি, পায়ে লাগে গুরুতর চোট! এখন কেমন আছেন তিনি? আবার কবে বিগ বস-এর ঘরে ঢুকতে পারবেন শন বন্দ্যোপাধ্যায়? জানিয়ে দিলেন তিনি

এই মুহূর্তে ছোটপর্দায় কাজের বিষয়ে খুব একটা আগ্রহী না হলেও ওয়েব সিরিজে অভিনয় করতে চান ইন্দ্রাণী। উপযুক্ত চরিত্র পেলে সিনেমাতেও কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। মুম্বই থেকেও এখনও নিয়মিত কাজের প্রস্তাব আসে। ‘সুজাতা’ এবং ‘মর্যাদা’র মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বর্তমানে সেখান থেকেও আসা একাধিক প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ইন্দ্রাণী।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর