‘বিগ বস বাংলা’-র নতুন সিজন শুরু হওয়ার আগে থেকেই শন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দর্শকদের মধ্যে ছিল তুমুল আগ্রহ। শোয়ের প্রোমোতেও তাঁর ঝলক দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, এবার তাঁকে দেখা যাবে বিগ বসের ঘরে। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার পর প্রতিযোগীদের তালিকায় তাঁর দেখা মেলেনি। শেষ মুহূর্তে কেন সরে গেলেন অভিনেতা, তা নিয়ে তৈরি হয়েছিল নানা প্রশ্ন।
অবশেষে সেই রহস্যের উত্তর নিজেই দিয়েছেন শন। জানা গিয়েছে, বিগ বসের জন্য এন্ট্রি শুট করার সময় একটি নাচের দৃশ্যে গুরুতর চোট পান তিনি। হাঁটুতে আঘাত এতটাই গুরুতর ছিল যে, চিকিৎসার পরেও এই অবস্থায় বিগ বসের মতো শারীরিক ও মানসিকভাবে কঠিন প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব ছিল না। তাই বাধ্য হয়েই শো থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে।
চোটের কারণে শেষ পর্যন্ত হাঁটুতে অস্ত্রোপচারও করাতে হয়েছে অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে শন জানিয়েছেন, তাঁর অপারেশন সফল হয়েছে। বর্তমানে চিকিৎসকদের নজরদারিতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। একইসঙ্গে এই কঠিন সময়ে যাঁরা তাঁর জন্য প্রার্থনা করেছেন এবং পাশে থেকেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা।
তবে শনের বিগ বসের সফর এখানেই শেষ হয়ে গেল কি না, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। কারণ শো সবে শুরু হয়েছে এবং সামনে রয়েছে আরও বেশ কিছু সপ্তাহ। তাই পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাঁকে ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে ফের বিগ বসের ঘরে দেখা যেতে পারে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুনঃ “উত্তম কুমার দেখতে ভালো ছিলেন না, সৌন্দর্যের সংজ্ঞাতেও নয়…মহানায়ক হলেও তিনি দেবতাও নন” বিতর্কিত মন্তব্য সঞ্জয় মুখোপাধ্যায়ের! আরও বলেন ‘আনস্মার্ট’ ছিলেন উত্তম, ‘গৌরাঙ্গের প্রতিচ্ছবি’ সৌমিত্র চট্টোপাধ্যায়! মন্তব্যের জেরে চলচ্চিত্র-তাত্ত্বিক তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপকের সমালোচনায় মুখর সামাজিক মাধ্যম!
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ‘বিগ বস বাংলা’ আবার ফিরেছে তৃতীয় সিজন নিয়ে। এবারের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠান ঘিরে দর্শকদের উৎসাহও যথেষ্ট বেশি। ফলে শন যদি সত্যিই সুস্থ হয়ে ওয়াইল্ড কার্ডে ঘরে প্রবেশ করেন, তাহলে নিঃসন্দেহে শোয়ের উত্তেজনা আরও কয়েক গুণ বাড়তে পারে। আপাতত তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় অনুরাগীরা।






