‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানওয়াতকে বিজেপিতে স্বাগত জানালেন জেপি নাড্ডা, তবে বেঁধে দিলেন কিছু শর্তও

বিজেপির টিকিট পেলে তিনি ২০২৪-এর লোকসভা নির্বাচনে লড়ার ইচ্ছাপ্রকাশ করেন বলি অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। তিনি এও জানান যে তিনি হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে লড়তে চান। বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’-এর এমন দাবীর পর তাঁকে বিজেপিতে স্বাগত জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সম্প্রতি রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। সেই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে প্রশ্ন করা হলে তিনি বলেন,“কঙ্গনা রানাউতকে দলে যোগদানের জন্য স্বাগত জানাই। যদি কেউ সকলের জন্য কাজ করতে চান তাহলে দলে তাঁর জায়গা সবসময়ই রয়েছে”।

তবে দলে যোগ দিলেই কী ভোটে লড়ার টিকিট পাওয়া যাবে? লোকসভা নির্বাচনে কী লড়তে দেখা যাবে কঙ্গনাকে? এর জবাবে শর্ত বেঁধে দেন জেপি নাড্ডা। তাঁর কথায়, লোকসভা নির্বাচনে কঙ্গনা টিকিট পাবেন কী না, তা নিজের থেকে ঠিক করা যায় না। দলের নিচু স্তর থেকে নির্বাচন কমিটি পর্যন্ত আলোচনা করে তবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বলিউডে সফল অভিনেত্রী হলেও তিনি বলিপাড়ার ‘কন্ট্রোভার্সি কুইন’ নামেই পরিচিত। নানান বিতর্কে বারবার নাম উঠে আসে তাঁর। বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের নেপোটিজম নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা। বারবার তাঁর আক্রমণের মুখে পড়েছিলেন করণ জোহর, আলিয়া ভাটরা। কঙ্গনা যে সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বৈ কী!

কানাঘুষো শোনা যাচ্ছিল যে বিজেপির হয়ে মথুরা থেকে নির্বাচনে দাঁড়াবেন কঙ্গনা। সে বিষয়ে আবার তীব্র প্রতিক্রিয়া দেন বলিউডের ড্রিমগার্ল তথা মথুরার সাংসদ হেমা মালিনী। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কটাক্ষ করে তিনি বলেন “মথুরার মানুষরা যে সিনেমার অভিনেতাদের পছন্দ করেন সেটা তো ভালই। হয়তো কোনওদিন রাখি সাওয়ান্তও যোগ দেবে”।

কঙ্গনা রানওয়াত আদতে হিমাচলপ্রদেশের বাসিন্দা। তবে বর্তমানে তিনি মুম্বই নিবাসী। অনুরাগ বসুর হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। ‘গ্যাংস্টার’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান কঙ্গনা। এরপর তাঁকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। ‘তনু ওয়েডস মনু’, ‘ক্যুইন’-এর মতো একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় ‘এমার্জেন্সি’ ছবিতে কাজ করছেন অভিনেত্রী।

RELATED Articles