অনেক বছর খোঁজার পর অবশেষে মিলেছে মনের মানুষ, বিয়েতে মোদী ও যোগীকে আমন্ত্রণ করতে চান ২.৩ ফুট উচ্চতার আজিম

অনেক বছর ধরেই চেষ্টা করছিলেন তিনি। অবশেষে নিজের জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন আজিম মনসুরি। এবার বিয়ের পালা। নিজের বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ জানাতে চান ২.৩ ফুট উচ্চতার আজিম।

অনেক বছর ধরেই বিয়ের জন্য পাত্রী খুঁজছেন আজিম। কিন্তু তাঁর উচ্চতার কারণে কোনও যোগাযোগই হচ্ছিল না। এই উচ্চতার কারণেই পঞ্চম শ্রেণীর পর আর পড়াশোনা করা হয়নি আজিমের। অনেক নেতা-নেত্রী, সরকারি কর্তাদের কাছে আজিম আর্জি জানিয়েছেন তাঁর পাত্রী খুঁজে দেওয়ার জন্য। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছেও আর্জি জানান তিনি। কিন্তু কোনও লাভ হয়নি।

তবে শেষমেশ নিজের মনের মানুষ খুঁজে পেয়েছেন আজিম তাও নিজের চেষ্টাতেই। হাপুরের মেয়ে বুশারার সঙ্গে বিয়ের ঠিক হয়েছে তাঁর। বুশারার উচ্চতা তিন ফুট। চলতি বছরের মার্চ মাসে বুশারার সঙ্গে আলাপ হয় আজিমের। এপ্রিলে বাগদান পর্ব সারেন তারা। কথা হয় যে বুশারা স্নাতক পাশ করলে তারা বিয়ে করবেন। স্নাতক পাশ করেছেন বুশারা। আগামী ৭ই নভেম্বর চার হাত এক হতে চলেছে।

এক সংবাদমাধ্যমে আজিম জানান, “নভেম্বরে আমার বিয়ে হবে। প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগীকে আমার বিয়ের আমন্ত্রণপত্র দেব। দিল্লি গিয়ে আমন্ত্রণ জানাব প্রধানমন্ত্রীকে”।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের কৈরানায় প্রসাধনীর দোকান রয়েছে আজিমের। সেই দোকান থেকে ভালোই রোজগার হয় তাঁর। ছোটবেলায় উচ্চতার জন্য স্কুলে হেনস্থার শিকার হতে হয়েছে আজিমকে। সেই কারণে পঞ্চম শ্রেণির পর আর পড়াশোনা হয়নি। ছয় ভাই-বোনের মধ্যে সব থেকে ছোট আজিম। ছোটো থেকেই দাদাদের সঙ্গে প্রসাধনীর দোকানে বসতে শুরু করেন। অবশেষে স্বপ্নপূরণ হতে চলেছে আজিমের।

RELATED Articles