জয়ললিতার বেশেই বিধানসভায় প্রবেশ করলেন কঙ্গনা রানাওয়াত, তারপর?

তার পরবর্তী ছবি ‘থালাইভি’-এর মুখ্য চরিত্র জয়ললিতার সাজে ধরা দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এই ছবিতে তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় দেখা যাবে তাকে। ছবির শুটিং সেট থেকেই বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি।

https://twitter.com/KanganaTeam/status/1315086626717134851?s=20

লকডাউনের কারণে প্রায় ৬ মাসের বেশী সময় ধরে বন্ধ ছিল ছবির শুটিং। অক্টোবর থেকে ফের পুরদমে আবার ছবিতে কাজ করেছেন কঙ্গনা। তার শেয়ার করা সাদা কালো ছবিতে যেন সত্যিই জয়ললিতা হয়ে উঠেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করার পরেই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তার এই ছবির জন্য অনেক প্রশংসাও কুড়িয়েছেন অভিনেত্রী। ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন, “জয়া মায়ের আশীর্বাদে আজ আমরা আরও একদফায় থালাইভি – দ্য রেভলিউশনারি লিডার-এর শুটিং শেষ করলাম। করোনার কারণে অনেক কিছুই বদলে গিয়েছে। কিন্তু সিনেমার অ্যাকশন ও কাট-এর মধ্যে কিছুই পাল্টায়নি। গোটা টিমকে অনেক ধন্যবাদ”।

প্রসঙ্গত, এই মাসে জয়ললিতার রাজনৈতিক কেরিয়ারের দিকটিরই শুটিং-এর কাজ চলছে। শাড়ি পড়ে, চুলে বেনী বেঁধে বিধানসভা চলছে। সাদাকালো ছবিতে এমনই এক দৃশ্যে দেখা গেল অভিনেত্রী কঙ্গনাকে।

‘থালাইভি’ ছবির পরিচালনার ভূমিকায় রয়েছেন এ এল বিজয়। ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করছেন অরবিন্দ স্বামী। অভিনেত্রী ও রাজনৈতিক নেত্রী, জয়ললিতার জীবনের দুটি দিকই দেখানো হবে এই ছবিতে। হিন্দি ভাষা ছাড়াও ছবিটি মুক্তি পাবে তামিল ও তেলেগু ভাষাতেও।

সম্প্রতি, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ক্রমশই খবরের শিরোনামে থাকতে দেখা গেছে কঙ্গনা রানাওয়াতকে। কখনও বলিউডে স্বজনপোষণ, নেপোটিজম, বাইরের অভিনেতা অভিনেত্রী কাজের সুযোগ না দেওয়া, ‘মুভি মাফিয়া’, বলিউডে মাদকযোগ, আবার কখনও বা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলতে দেখা গেছে তাকে। এর জেরে বহু মানুষের রোষের মুখে পড়েন অভিনেত্রী। বিরাগভাজন হয়েছেন নেটপাড়ার একাংশের। এই পরিস্থিতির পাল্টা প্রভাব তার পরবর্তী ছবিতে কতটা পড়ে, এখন সেটাই দেখার।

আরও অন্যান্য খবর