কিছুতেই করোনামুক্ত হচ্ছেন না কণিকা। এই নিয়ে পঞ্চমবার করোনা ভাইরাস টেস্ট হল বলিউড গায়িকার। এবারেও রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর পুরোপুরি সঙ্কটমুক্ত হওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। আগের চারবার তাঁর করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে। পঞ্চমবারও একই ফল এল।
দুদিন আগেই তিনি ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করে লিখেছিলেন, এবার হয়তো কোভিড-১৯ নমুনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসবে। এখন তিনি আইসিইউতে নেই। তবে সন্তান, পরিবারকে কাছে পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছেন তাও লিখেছিলেন। এছাড়াও তিনি উদ্ধৃতি দেন, জীবন আমাদের শিক্ষা দিয়ে যায়, কী করে সময়ের সদ্ব্যবহার করতে হয় আর সময় শেখায় জীবনের কী মূল্য।
ইনস্টাগ্রামে তিনি লেখেন, শুতে যাচ্ছি। সবাইকে ভালবাসা ভরা উষ্ণতা। আপনারা আমার জন্য উদ্বিগ্ন, তাই ধন্যবাদ। আমি আইসিইউতে নেই। সবাই নিরাপদে থাকুন। আমি ভাল আছি। আশা করছি, পরের টেস্ট নেগেটিভ হবে। বাচ্চাদের, পরিবারের কাছে ফেরার অপেক্ষায় আছি। ওদের মিস করছি। কিন্তু আবার আশাহত হতে হল তাঁকে। প্রতি ৪৮ ঘন্টা অন্তর তাঁর টেস্ট চলছে।
কণিকা বর্তমানে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি আছেন। সেখানকার ডিরেক্টর প্রফেসর আর কে ধিমান জানাচ্ছেন, গায়িকার অবস্থা স্থিতিশীল, ভয়ের কিছু নেই।
কণিকা কাপুরের বিরুদ্ধে বিদেশ থেকে দেশে ফিরে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যাওয়ায় কোয়ারেন্টিনে থাকার পরামর্শ সত্ত্বেও অনুষ্ঠান করা, ভক্ত-অনুরাগীদের সঙ্গে স্বাভাবিক ভাবে মেলামেশার অভিযোগ ওঠে। এ নিয়ে প্রবল বিতর্ক হয়। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এই বলিউড গায়িকা।





