বড় পর্দার পর এবার ছোট পর্দায় অভিষেক কোয়েল মল্লিকের? কোন নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?

কোয়েল মল্লিককে ফের নতুন ভূমিকায় দেখার অপেক্ষায় দর্শক। গতকালই শুরু হয়েছে অভিনেত্রীর নতুন ছবি ‘স্পর্ধা’র শুটিং। এই ছবিতে বাবার সঙ্গে আবারও জুটি বাঁধছেন কোয়েল। অর্থাৎ রঞ্জিত মল্লিককেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ‘স্বার্থপর’-এর সাফল্যের পর পরিচালক অন্নপূর্ণার এটি দ্বিতীয় ছবি। তবে এরই মধ্যে কোয়েলের নতুন কাজ নিয়ে টলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, এবার বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও পা রাখতে চলেছেন কোয়েল। বাংলা টেলিভিশনে একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে, যার ভাবনা নেওয়া হয়েছে একটি জনপ্রিয় কোরিয়ান অনুষ্ঠানের আদলে। আর সেই ধারাবাহিকের বাংলা সংস্করণেই নাকি অভিনয় করবেন কোয়েল মল্লিক। যদিও এখনও চ্যানেল বা নির্মাতাদের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে আপাতত খবরটি জল্পনার পর্যায়েই রয়েছে।

বড় পর্দার তারকাদের ছোট পর্দায় দেখা যাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী সময়ের সঙ্গে টেলিভিশনে কাজ করেছেন। এবার সেই তালিকায় কোয়েলের নাম যোগ হতে পারে বলে খবর। এর আগে স্টার জলসায় ‘কথা ও কাহিনী’ নামে একটি টকশো সঞ্চালনা করেছিলেন অভিনেত্রী। কিন্তু ধারাবাহিকে অভিনয় করার ক্ষেত্রে এই কাজই হতে চলেছে তাঁর প্রথম অভিজ্ঞতা।

গত কয়েক বছরে ব্যক্তিগত জীবনে ব্যস্ততার কারণে বড় পর্দা থেকে কিছুটা দূরে ছিলেন কোয়েল। দ্বিতীয়বার মা হওয়ার পর সন্তানদের সময় দেওয়াকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন অভিনেত্রী। পরে ২০২৫ সালে ‘স্বার্থপর’ ছবির হাত ধরে ফের বড় পর্দায় প্রত্যাবর্তন করেন তিনি। এরপর আবারও দর্শকের সামনে হাজির হন জনপ্রিয় চরিত্র মিতিন মাসি হিসেবে। পরপর কাজের মাধ্যমে নিজের পুরনো জায়গায় ফিরছেন কোয়েল।

আরও পড়ুনঃ “ও না থাকলে আমি কিছুই নই…যেন আমাকে তুলে নেন ঠাকুর!” ৩৭ বছরের দাম্পত্যে স্বামী সুশীলকে নিয়ে আবেগপ্রবণ রত্না ঘোষাল! কেন এতটা নির্ভরশীল, জীবনের সবচেয়ে বড় ভয় অকপটে কী জানালেন অভিনেত্রী?

এবার সত্যিই যদি ধারাবাহিকে কোয়েলের অভিষেক হয়, তা হলে বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য নিঃসন্দেহে তা হবে বড় চমক। এতদিন বড় পর্দায় যাঁকে বিভিন্ন চরিত্রে দেখেছেন দর্শক, তাঁকে এবার নিয়মিত ধারাবাহিকের গল্পে দেখতে পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। ‘স্পর্ধা’র শুটিংয়ের পাশাপাশি ছোট পর্দায় তাঁর নতুন কাজের খবর তাই ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর