সলমনের খানের সুপারহিট ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর সেই ছোট্ট মেয়ে মুন্নিকে মনে আছে? ছবির মূল কাহিনীর কেন্দ্রবিন্দুই ছিল সে। পাকিস্তান থেকে ভারতে এসে হারিয়ে যায় ছোটো মেয়েটি, এরপর তাকে ঘিরেই এগোতে থাকে ছবির গল্প। সেখান থেকে তার আবার মায়ের কাছে ফিরে যাওয়ার গল্প দর্শকদের চোখে জল এনে দেয়। সেই ছোট্ট মেয়ে মুন্নি ওরফে হর্ষালি মালহোত্রা এই কয়েক বছরে বেশ বড় হয়ে গেছে। তাকে দেখলে রীতিমতো চমকে উঠতে হয়।
সম্প্রতি হর্ষালি কালিপুজো ও ভাইফোঁটা উপলক্ষে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। লাল রঙের সালোয়ার কামিজে দারুন মিষ্টি দেখাচ্ছে তাকে এই ছবিগুলিতে। নিজের কখনও প্রিয় পোষ্যের সঙ্গে বা আবার কখনও রঙ্গোলীর সামনে বসে পোজ দিয়ে ছবি শেয়ার করেছে হর্ষালি। সেই ছোট্ট মুন্নি এখন রীতিমতো কিশোরী।
২০১৫ সালে কবীর খানের ছবি ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ করে হর্ষালি। ছবিতে সলমন, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো তাবর তাবর অভিনেতা থাকলেও, সমস্ত লাইমলাইট নিজের দিকে করে নিয়েছিলেন এই ছোট্ট মেয়েটি। এক নিষ্পাপ বোবা মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিল কাশ্মীরের এই মেয়েটি।
‘বজরঙ্গি ভাইজান’ ছবির শুটিং-এর সময় হর্ষালির বয়স ছিল মাত্র ৬। সেই বয়সেই নিজের অভিনয়ের জন্য সেরা ডেবিউ ফিমেল অ্যাওয়ার্ড পায় সে। এর পরেও তাকে টেলি সিরিজ ‘লওট আও তৃষা’ ও ‘কবুল হ্যায়’-তে দেখা যায়। এতো বছর বাদে তাকে দেখলে সত্যিই অবাক হতে হয়। এই পাঁচ বছরে অনেকটা বড় হলেও সেই মিষ্টি মুখের আদলটি কিন্তু আজও একইরকম রয়েছে।





