দুই সেলিব্রিটির দ্বৈরথ! ‘মিমি-নুসরতের কেরিয়ার খতম করেছে তৃণমূল’, ভোটের আবহে রচনাকে সতর্কবার্তা প্রতিপক্ষ লকেটের

বেশ ভালোই জমে উঠেছে দুই সেলিব্রিটির এই দ্বৈরথ। এককালে একসঙ্গে পর্দায় অভিনয় করা অভিনেত্রী আজ রাজনীতির সুবাদে একে অপরের বিপক্ষে দাঁড়িয়েছেন। একদিকে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) আর অন্যদিকে Locket (Locket Chatterjee)। দু’জনেই হুগলির প্রার্থী। তাদের দল তাদের প্রার্থী ঘোষণা করার পর থেকেই জোরকদমে প্রচারে নেমেছে তারা। এবার নিজের এককালের সহকর্মী রচনা বন্দ্যোপাধ্যায়কে কেরিয়ার নিয়ে সতর্কবার্তা দিলেন লকেট।

আজ, বৃহস্পতিবার পাণ্ডুয়ার শিখিরিচাপতা পঞ্চায়েতের বেলে গ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাস্তার পাশে ঘুগনি বিক্রি হতে দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। নিজে ঘুগনি খান, দলের কর্মীদেরও খাওয়ান। মাঠে আলু তোলা হচ্ছে দেখে মাঠেও নেমে পড়েন। নিজের পছন্দের তারকাকে এভাবে এত কাছ থেকে দেখে হতবাক হয়ে যান খেতমজুররা।

এদিন পাণ্ডুয়ার ঘুগনি চেখে দেখে রচনা বলেন, “খুব ভালো ঘুগনি। আমার বাড়ির থেকেও ভাল। এখানে সবই ভাল, ঘুগনিও ভাল। আমি তো শুধু খাওয়ার মধ্যেই আছি। নিজে খাচ্ছি অন্যদেরও খাওয়াচ্ছি”।

রচনার এহেন মন্তব্যের প্রেক্ষিতেই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণা আগামী দিনে যুব সমাজ ঘুগনি বিক্রি করবে আর খাবে। এর আগে উনি বললেন সিঙ্গুরে গরু ঘাস খেয়ে দুধ দিচ্ছে। সেই দুধের দই খুব ভালো। আসলে উনি কিছু জানেন না। আগে মানুষের জন্য কিছু কাজ করার জন্য পাঠাতে পারত ওঁকে। তারপর রাজনীতিতে এসে লড়তে পারত”।

এরপরই রচনাকে সতর্কবার্তা লকেটের (Locket Chatterjee)। বলেন, “মিমি নুসরতের কেরিয়ার শেষ করে দিল। পাঁচ বছর পর কোথায় তারা। বেচারাদের কেরিয়ারটা শেষ করে দিল। এবার তাদের টিকিটও দিল না, প্রচারেও রাখেনি। এরও তাই হবে”।

লকেটের (Locket Chatterjee) এহেন মন্তব্যে যদিও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, “রচনার ভবিষ্যত নিয়ে ওকে ভাবতে হবে না। মিমি নুসরতের ভবিষ্যত নিয়েও ওঁকে ভাবতে হবে না। ভাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মিমি-নুসরতের মা-বাবা রয়েছেন। তাঁরাই বুঝে নেবেন। লকেটও ভোটের সময় ছুটি নিয়েই আসেন। তারপর পাঁচ বছর তাঁকে আর দেখা যায় না”।

RELATED Articles