পুজোর উপহার মদনের! ‘মা এসেছে’ নামের নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির ‘কালারফুল’ বিধায়ক

ফের একবার নিজের চেনা ছন্দে সকলের সামনে ধরা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। গত বছর পুজোর সময় গানের ভিডিও বের করেছিলেন তিনি। এবছরও এর অন্যথা হল না। নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির কামারহাটির বিধায়ক। চোখে কালো চশমা সঙ্গে উত্তরীয় ও ধুতি-পাঞ্জাবীতে এই ভিডিওতে দেখা মিলেন ‘কালারফুল’ মদন। তাঁর এই নতুন গানের ভিডিওর নাম ‘মা এসেছে’।

নিজের সোশ্যাল মিডিয়ায় এই পুজোর গানের ভিডিও পোস্ট করেছেন মদন মিত্র। মিউজিক ভিডিও-র গানটি গেয়েছেন গায়িকা চয়নিকা। তাঁর সঙ্গেই এই মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে মদন মিত্রকে।

গানের লিরিক্সে চয়নিকার কণ্ঠে শোনা গিয়েছে, “সূর্য উঠেছে, বাংলা জেগেছে, আবারও মা এসেছে, তুমি যে করুণাময়ী, সকলের রক্ষাকালী, জগজ্জননী মা, দুর্গা মা, ধরণী আলো করে এলে তুমি মা..”। মদন মিত্র এই নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

অনুরাগীদের দুর্গাপুজোর চমক দিতেই এই গান নিয়ে হাজির হয়েছেন মদন মিত্র। এই ভিডিওতে বেশিরভাগ সময় মায়ের সামনে হাত জোড় করে, ফুল নিবেদন করতে দেখা গিয়েছে ‘কালারফুল’ বিধায়ককে।

এই গানের ভিডিওতে মূলত অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ধনুচি নাচেও পা মিলিয়েছেন মদন মিত্র। ফের একবার মদন মিত্রকে এই ‘রঙিন মেজাজে’ দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।

আরও অন্যান্য খবর