বলিউডে বায়োপিকের বিষয়টা নতুন নয়। অনেক সময়ই কোনও না কোনও অভিনেতা, অভিনেত্রী বা ঐতিহাসিক চরিত্র বা খেলোয়াড়দের জীবনীকে বড় পর্দায় তুলে ধরা হয় থাকে। এবার বড় পর্দায় আসছে অন্যতম বিখ্যাত অভিনেত্রী মধুবালার জীবনী।
জানা গিয়েছে, তৈরি হচ্ছে মধুবালার বায়োপিক। এই ছবিটি বানাচ্ছেন জসমীত কে রীন। তিনি ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেত্রীর জীবনীকে এবার পর্দায় তুলে ধরবেন। তিনি এর আগে আলিয়া ভাট অভিনীত ডার্লিংস ছবিটির পরিচালনা করেছিলেন। সেই ছবিটি নজর কেড়েছিল দর্শকদের। সম্প্রতি, ঘোষণা করা হল মধুবালার বায়োপিকের কথা। সোনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন এই ছবির প্রযোজনা করবে। প্রোডাকশনের তরফেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয় এই ছবির কথা।
সোশ্যাল মিডিয়ায় এই ছবির কথা ঘোষণা করে লেখা হয়, ‘ আমরা আমাদের আগামী ছবির কথা ঘোষণা করতে পেরে দারুণ খুশি এবং উত্তেজিত। এই ছবিটি তৈরি হচ্ছে কিংবদন্তি অভিনেত্রী মধুবালাকে শ্রদ্ধা জানাতে, তাঁর সৌন্দর্য এবং প্রতিভা উঠে আসবে এই ছবিতে। বলিউডের এই আইকনিক তারকার জীবনের গল্প জানতে প্রস্তুত হয়ে যান।’
মধুবালার এই বায়োপিক দেখানো হবে তাঁর জীবন থেকে শুরু করে তাঁর পেশা, ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান সবকিছুই ফুটিয়ে তোলা হবে পর্দায়। ১৯৪৭ সাল থেকে ১৯৬০ এর দশক পর্যন্ত তিনি বলিউডের অন্যতম বিখ্যাত নায়িকা ছিলেন। তাঁর সৌন্দর্য ছিল চোখ জুড়িয়ে যাওয়ার মতো।
১৯৪৭ সালে মুক্তি প্রাপ্ত নীল কমল ছবি দিয়ে তার অভিনয় জীবনের শুরু। এই ছবিতে মধুবালার বিপরীতে দেখা গিয়েছিল রাজ কাপুরকে । মাত্র ১৪ বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন তিনি। কিদর শর্মা ছিলেন এই ছবিটির পরিচালক। সেসময়ে মধুবালার মেন্টর ছিলেন এই পরিচালকই। মধুবালার আসল নাম ছিল মুমতাজ জাহান বেগম দেহলভি। তিনি মহল, মুঘলে আজম, চলতি কা নাম গাড়ি, ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।





