ছোটো পর্দার সেই মেম বউকে মনে আছে? যিনি এক সময় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। ‘মেম বউ’ ধারাবাহিকটি শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত তাঁকে নিয়ে নান্না কটাক্ষ, ট্রোল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক বাঙালি বিদেশিনী বউমার মুখে ‘হেঠা আপোনি খি বলছিয়েন’ শুনে হাসাহাসি হয়েছে অনেক। অনেকেরই প্রশ্ন ছিল তিনি কী আসলে ভারতীয়? অনেকেই আবার তাঁকে গায়িকা মোনালি ঠাকুর ভেবেছিলেন।
বলে রাখি ছোটপর্দার জনপ্রিয় সেই ‘মেম বউ’ ক্যারল আসলে কিন্তু কলকাতারই মেয়ে। তাঁর নাম বিনীতা চট্টোপাধ্যায়। লোরেটো কলেজে পড়াশোনা করেছেন তিনি। শোনা যায় বিনীতা নাকি বাংলার মহারাজা কৃষ্ণ চন্দ্র রায়ের রাজপরিবারের একজন সদস্য। তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। তবে অভিনয়ের সুযোগ পাওয়াযর পর চাকরি ছেড়ে দেন বিনীতা।
হিন্দি ধারাবাহিক ‘এক হাজারোঁ মে মেরি বেহনা হ্যায়’-এর হাত ধরে অভিনয়ে ডেবিউ করেন বিনীতা। তারপর বাংলা ধারাবাহিক ‘মেম বউ’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেন। ২০১৬ সালে শুরু হয় ‘মেম বউ’। কিন্তু মাত্র ৮ মাসেই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। এরপর অভিনয় জগতে আর দেখা যায়নি বিনীতাকে।
বেশ কিছু বছর অভিনয় জগত থেকে দূরে থাকলেও কিছু মিউজিক ভিডিও লঞ্চ করেছেন তিনি। মাঝে তাঁকে শানের সঙ্গে এক মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল। র্যাপার হিসেবে বিনীতা একমাত্র ভারতীয় বাঙালি মহিলা। তাঁর ‘আপনা টাইম আয়েগা’ নানান গ্লোবাল প্ল্যাটফর্মে জনপ্রিয়।
এবার আন্তর্জাতিক স্তরে যাত্রা শুরু বিনীতার। মেটাভার্সে তাঁর মিউজিক ভিডিও লঞ্চ করল। ‘লাভ ইউ মম’ নামের ইংরেজি গানটিই হবে তাঁর প্রথম গান যা মেটাভার্সে লঞ্চ হয়েছে। এই গানটি গাওয়ার পাশাপাশি নিজে লিখেওছেন বিনীতা। অভিনেত্রী জানান যে তাঁর মা ৪০ বছর ধরে মিনিস্ট্রি অফ ডিফেন্সে দেশের সেবায় নিয়োগ করেছেন। এই গানটি তিনি তাঁর মাকে উৎসর্গ করেছেন।





