গুরুতর অসুস্থ অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। কিছুদিন আগেই ভুয়ো টিকাকরণ কেন্দ্র থেকে টিকা নিয়েছিলেন তিনি। এরপর আজ, শনিবার ভোর রাত থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
জানা গিয়েছে, শনিবার ভোররাত চারটে-সাড়ে চারটে নাগাদ থেকেই পেটে মারাত্মক ব্যাথা অনুভব করতে থাকেন মিমি। ঘাম দিতে থাকে প্রচণ্ড। কিন্তু ভোররাতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও ভোরের আলো ফুটতেই মিমির বাড়িতে আসেন তাঁর হাউজ ফিজিশিয়ান।
আরও পড়ুন- ‘ফেলুদা’ হিসেবে সত্যজিতের পছন্দের তালিকায় ছিলেন অমিতাভই, কিন্তু কেন তা হল না, জানুন
এমনিতেই মিমি গলব্লাডারের সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। মিমিকে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশ দিলেও তিনি তাতে রাজী হন নি। আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা চলছে তাঁর,
উল্লেখ্য, গত মঙ্গলবার কসবার ভুয়ো টিকাকরণ কেন্দ্র থেকে টিকা নেন মিমি। তাঁর তৎপরতার কারণেই এই জাল টিকাকরণ কেন্দ্র ফাঁস হয় ও গ্রেফতার হন এই টিকাকরণ কেন্দ্রের আয়োজক নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দেওয়া প্রতারক দেবাঞ্জন দেব।
এরপর থেকেই আশঙ্কা প্রকাশ করা হয় যে ওই ভুয়ো টিকাকরণ কেন্দ্রে আদৌ কোভিশিল্ডের নামে কী টিকা দেওয়া হয়েছে এই নিয়ে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অ্যামিকেসিন নামের ইঞ্জেকশন দেওয়া হয়েছে টিকার নামে। আজই মিমি চক্রবর্তীর রক্তপরীক্ষা-সহ একাধিক টেস্টের জন্য নমুনা সংগ্রহ করার কথা ছিল। ওই ভুয়ো টিকার কারণে তাঁর শরীরে কোনওরকম ক্ষতি হয়েছে কী না, তা দেখার জন্য। কিন্তু এর আগেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী।





