গতবছর ২৭শে ডিসেম্বর ব্যাঙ্কার শ্যাম গোপালনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউড অভিনেত্রী মোনা সিং। বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনের উপস্থিতিতে এই বিয়ে নিয়ে সেই সময়ে মিডিয়াতে সেরকম ভাবে হইচই হয়নি। তবে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে যা বললেন মোনা তা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি সাফ জানিয়ে দিলেন যে এখনই তার মা হওয়ার কোনও ইচ্ছা নেই তাই ৩৪ বছর বয়সেই ডিম্বাণু সংরক্ষণ করে ফেলেছেন! এখন মা হওয়ার বদলে তার ইচ্ছা স্বামীর সঙ্গে গোটা পৃথিবী ঘুরে বেড়াবেন। পরে যদি বাচ্চা নেওয়ার ইচ্ছা হয় তখন না হয় দেখা যাবে! যা শুনে ভারতের সংস্কারী জগতে আলোড়ন পড়ে গিয়েছে।
তবে মোনা কিন্তু এই কাজ সম্প্রতি করেননি। তিনি পাঁচ বছর আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ করে ফেলেছিলেন। সেই কারণে এখন তিনি স্বাধীন। এতদিন পর্যন্ত তিনি নিজের পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন। এবার নিশ্চিন্তভাবে স্বামীর সঙ্গে বিশ্ব ভ্রমণ করতে চান মোনা তাই এই যুগান্তকারী সিদ্ধান্ত!
তিনি আরো জানিয়েছেন যে যখন তার মা এই বিষয়ে জানতে পেরেছিলেন তিনি কিন্তু রাগ করেননি বরং মায়ের সঙ্গেই পুনেতে গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলেন মোনা। সেই সময় কাজের থেকে পাঁচ মাস বিরতি নিয়েছিলেন অভিনেত্রী।
তবে একটা কথা মোনা বারবার জানাচ্ছেন যে, তিনি এখন সন্তান নিতে চান না তার মানে এই নয় যে জীবনে কোনদিনও তিনি সন্তান নেবেন না। তিনি বাচ্চা খুবই ভালোবাসেন তবে এখনই মা হওয়ার মতো মানসিক প্রস্তুতি তার নেই। পরবর্তীকালে এই বিষয়ে তিনি অবশ্যই ভেবে দেখবেন বলে জানিয়েছেন ‘জস্সি য্যায়সি কোই নহি’ খ্যাত অভিনেত্রী।






