তৃণাকে ফেলে নতুন অভিনেত্রীতে মজেছেন ‘কৃষ্ণকলি’-এর নিখিল

‘ঠিক যেন লাভস্টোরি’ দিয়েই তার অভিনয় জীবনের যাত্রা শুরু। ২০১৫ সালের এই ধারাবাহিকে অসাধারণ অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন নীল ভট্টাচার্য। এই ধারবাহিকে আদির চরিত্রে দেখা যায় তাকে। তার বিপরীতে দেখা গিয়েছিল ঈশার চরিত্রে অভিনয় করা সৈরিতিকে। আদি ও ঈশার প্রেমের কাহিনীতে ডুব দিয়েছিলেন দর্শকও। প্রেমিক প্রেমিকার হৃদয়ে নতুন করে প্রেমের উন্মাদনা জাগিয়েছিলেন এই অনস্ক্রিন জুটি। কিন্তু সেসব এখন অতীত। এখন যে নীল কৃষ্ণকলি-এর নিখিল । কিন্তু পুরনো প্রেম কী অত সহজে পিছু ছাড়ে? আরও একবার একসঙ্গে পাশাপাশি দেখা গেল পর্দার আদি ও ঈশাকে।

রাস্তায় একপাশে দাঁড়িয়ে সৈরিতি, তার হাত ধরে নীল অক্ষয় কুমারের সংলাপ বলে তৈরি করেছেন একটা রোম্যান্টিক পরিবেশের। সবে রোম্যান্সটা মাখো মাখো হবে, এমন সময়ই ঘটল বিপত্তি। চূড়ান্ত পর্যায়ে সেজে ওঠা রোম্যান্সে পড়ল ভাঁটা। হঠাৎই আগমন নীলের ঘনিষ্ঠ বান্ধবী তৃণা সাহার। এরপরই ইতি টানা হল রোম্যান্সে। বান্ধবীকে দেখেই উল্টো সুর গাইতে শুরু করলেন নীল। এক ধাক্কায় সৈরিতিকে নিজের বোন বানিয়ে ফেললেন নীল। সত্যিই ঘর সামলাতে কত কিছুই যে করতে হয়।

কী অবাক হচ্ছেন? সত্যিই আবার কোনও নতুন রসায়নের বীজ বপন হল কি না নীল ও সৈরিতির মধ্যে? না না, নিশ্চিন্তে থাকুন, আপনাদের পছন্দের ‘নিখিল’ ওরফে নীল, পর্দার মতো বাস্তব জীবনেও যথেষ্ট বিশ্বাসী। উপরের যে চিত্রনাট্য তা আসলে নিছকই মজার ছলে বানানো একটি ভিডিও। তিনজন মিলে একটু মজা করে ভক্তদের বিনোদন করা আর কি। ইনস্টাগ্রামে নীল এই ভিডিওটি আপলোড করতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এটি। তাদের তিনজনের এই মজার ভিডিও নজর কেড়েছে দর্শকের।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই নীল ও তৃণার মধ্যে সম্পর্কের কথা কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই। একে অপরকে ভালো বন্ধু বলেই অভিহিত করেন নীল ও তৃণা। অন্যদিকে, সৈরিতি এখন অন্যের ঘরণী। এক পরিচালকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সুখেই ঘর-সংসার করেছেন তিনি। কিছুদিন আগে, লকডাউন খোলার পর কৃষ্ণকলির পুনরায় শুরু হওয়ার পরেই করোনা আক্রান্ত হন নীল। তেমন কোনও উপসর্গ না থাকায় বাড়িতে থেকেই চিকিৎসা করান অভিনেতা। সুস্থ হওয়ার পুনরায় কাজে ফিরেছেন তিনি।

আরও অন্যান্য খবর