বর্তমানে তিনি একটি ছবির শুটিং করছেন। আর এর মাঝেই সামনে এল তাঁর অন্য একটি ছবির পোস্টার। পরিচালক সায়ন্তন ঘোষালের পরবর্তী ছবি ‘স্বস্তিক সংকেত’-এ কাজ করেছেন নুসরত জাহান। সেই ছবির পোস্টারের টিজারের ছবিই প্রকাশ পেল।
এই পোস্টার প্রকাশ পেতেই সামনে এলো ছবিতে নুসরতের লুকও। লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের ‘নরক সংকেত’-এর গল্পকে অনুকরণ করেই তৈরি হয়েছে ‘স্বস্তিক সংকেত’-এর চিত্রনাট্য।
করোনা আবহের মধ্যেই এই ছবির শুটিং করেছেন নুসরত। উড়ে গিয়েছিলেন লন্ডনে। বেশ অনেকদিন ধরেই এই ছবি নিয়ে নানান জল্পনা চলছে। রহস্য থ্রিলারই এই ছবির মূল ঘরানা।
এই ছবিতে নুসরতের নাম রুদ্রাণী। ক্রিপ্টোগ্রাফির উপর একটি বই লিখেছেন তিনি। এই বই প্রকাশ করতেই লন্ডনে যাওয়া। আর লন্ডনে গিয়েই শুরু হয় রহস্যের। এই রহস্যের সূত্র ধরেই এগিয়েছে ছবির গল্প। আর তা গল্পকে নিয়ে গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে।
সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু গিয়েছিলেন জার্মানিতে হিটলারের সঙ্গে দেখা করতে। সেই সময় চলছিল জৈব মারণাস্ত্র নিয়ে গবেষণা। তখন এক নভেল ভাইরাসের আবিষ্কার হয়। এদিকে বিশ্বযুদ্ধে জয় পাওয়ার জন্য সেই মারণ ভাইরাসকে ইচ্ছেমত ব্যবহার করতে থাকে হিটলার বাহিনী। কিন্তু সেই ভাইরাসকে প্রতিহত করার উপায় নষ্ট করে দেওয়া হয়।
ছবির গল্প অনুযায়ী, রুদ্রাণী একটি ক্রিপ্টোগ্রাফির কোড উদ্ধার করতে গিয়ে নতুন করে সেই মারণ ভাইরাসের আতঙ্ক শুরু হয়। ভাইরাস প্রতিহত করার প্রতিষেধক কী, তার খোঁজ শুরু করে সে। এই কাজে সে সাহায্য পায় তাঁর স্বামীর। নুসরতের স্বামীর চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে।
View this post on Instagram
এছাড়াও এই ছবিতে কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। নেতাজির চরিত্রে দেখা মিলবে শাশ্বত চট্টোপাধ্যায়ের। আগামী বছরের জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা, “পুরনো যুদ্ধ, নতুন অস্ত্র। অক্ষর দিয়ে ইতিহাস পুনরুদ্ধার”।





